লন্ডন, ৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপার এইটে উঠতে হলে জিততে হতো কমপক্ষে ২৫ রানে। কিন্তু তার চেয়ে অনেক বেশি রানেই জিতেছে পাকিস্তান। মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৮২ রানের যে জয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটেও পৌঁছে দিয়েছে তাদের। বি' গ্র"প থেকে সুপার এইটে ওঠা অন্য দল স্বাগতিক ইংল্যান্ড।
লর্ডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া পাকিস্তানকে ৫ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব চার জনের --- ওপেনার কামরান আকমল (৩০ বলে ৪১), অধিনায়ক ইউনিস খান (২০ বলে ৩৬), মিসবাহ-উল হক (২০ বলে অপরাজিত ৩১) এবং শোয়েব মালিক (২৮ বলে ৩০)।
জবাবে শুরু থেকেই ধুঁকতে শুরু করে ডাচরা। প্রতিপক্ষ বোলারদের বিশেষ করে দুই স্পিনার শহীদ আফ্রিদি ও সাঈদ আজমলের দুর্দান্ত বোলিংয়ের সামনে বলতে গেলে তারা দাঁড়াতেই পারেনি। মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন আফ্রিদি। ২০ রানের বিনিময়ে আজমলের শিকার ৩ উইকেট। তাই ১৭.৩ ওভারে মাত্র ৯৩ রানেই অলআউট নেদারল্যান্ডস। অথচ ১৫১ রান করতে পারলেও পাকিস্তানকে পেছনে ফেলে সুপার এইটে চলে যেত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে হৈ-চৈ ফেলে দেয়া ডাচরা।
ব্যাট হাতে ঝড়ো ইনিংসের পর চারটি স্টাম্পিং করে দলের জয়ে বড় ভূমিকা রাখায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কামরান আকমল।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ২০ ওভারে ১৭৫/৫ (আকমল ৪১, ইউনিস ৩৬, মিসবাহ ৩১*, মালিক ৩০; সিলার ২/৩৬)
নেদারল্যান্ডস : ১৭.৩ ওভারে ৯৩ (কারভেজি ২১, ডুশাটে ১৪; আফ্রিদি ৪/১১, আজমল ৩/২০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩৯ঘ.
bdnews24