২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ম্যাচেই অঘটন, নেদারল্যান্ডসের কাছে ইংল্যান্ডের হার

এমনিতেই ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা, আর টোয়েন্টি-টোয়েন্টিতে সেই অনিশ্চয়তা আরো প্রবল। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণের দ্বিতীয় বিশ্বকাপের উদ্বোধনী দিনে সেটা টের পেলো ইংল্যান্ড। শুক্রবার লর্ডসে টুর্নামেন্টের রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচে টোয়েন্টি-টোয়েন্টির আবিস্কর্তা, স্বাগতিকদের চার উইকেটে হারিয়ে দারুণ এক অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস। ২০ ওভারে ইংল্যান্ডের তোলা ৫ উইকেটে ১৬২ রান শেষ বলে টপকে গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

লন্ডন, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমনিতেই ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা, আর টোয়েন্টি-টোয়েন্টিতে সেই অনিশ্চয়তা আরো প্রবল। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণের দ্বিতীয় বিশ্বকাপের উদ্বোধনী দিনে সেটা টের পেলো ইংল্যান্ড। শুক্রবার লর্ডসে টুর্নামেন্টের রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচে টোয়েন্টি-টোয়েন্টির আবিস্কর্তা, স্বাগতিকদের চার উইকেটে হারিয়ে দারুণ এক অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস। ২০ ওভারে ইংল্যান্ডের তোলা ৫ উইকেটে ১৬২ রান শেষ বলে টপকে গেছে তারা। টেস্ট পরিবারের বাইরে থাকা নেদারল্যান্ডসের অপেশাদার ক্রিকেটারদের নিয়ে গড়া দলটিকে এই জয় এনে দিয়েছে ড্যারন রিকার্স, টিম ডি গ্র"থ, পিটার বোরেন আর রায়ান টেন ডসেটদের ব্যাটিং। সবার আগে বলতে হয় ডি গ্র"থের নাম। মাত্র ৩০ বলে একটি ছক্কা আর ছটি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেছেন তিনি। তৃতীয় উইকেটে বাস জিডারেন্টের (১২) সঙ্গে ৪৩ আর চতুর্থ উইকেটে বোরেনের সঙ্গে ৫০ রানের দুটি জুটি গড়ে ডাচদের জয়ের পথ দেখিয়েছেন তিনিই। ইংল্যান্ড অধিনায়ক পিটার কলিংউডের বলে মিড অফে রবার্ট কি'র হাতে ক্যাচ দিয়ে শেষ হয়েছে তার দুর্দান্ত ইনিংসটা। এর আগে শুরুটা অবশ্য করেছিলেন রিকার্স, দুটি ছক্কায় মাত্র ১৩ বলে ২০ রান করে। তবে ২৫ বলে একটি ছক্কা ও একটি বাউন্ডারিতে ৩০ রান করা বোরেন ওর ড্যান ফন বাঞ্জকে পর পর দুই ওভারে ফিরিয়ে দিয়ে জেমস অ্যান্ডারসন এরপর জমিয়ে তুলেছিলেন ম্যাচটা। কিন্তু ১৭ বলে দুটি বাউন্ডারিতে অপরাজিত ২২ রান করে টেন ডসেট নিশ্চিত করেছেন ডাচদের জয়। শেষ ওভারে প্রয়োজন ছিল ৭ রানের, আর শেষ বলে ২। স্টুয়ার্ট ব্রডের বলে যে শটটা খেলেছিলেন এডগার শিফারলি, তাতে দুই তো দূরের কথা কোনো রানই হওয়ার কথা নয়। নিজের বলে নিজেই ফিল্ডিং করা ব্রডের থ্রো ননস্ট্রাইকিং প্রান্তের উইকেটে লাগলে ইংল্যান্ডই জিততে পারতো এক রানে। কিন্তু সারা ম্যাচে আরো অনেকবার এ রকম সহজ রান আউটের সুযোগ মিস করা ইংলিশদের হার যেন ভাগ্যেরই লিখন ছিল, তাই দশ গজ দূর থেকেও করা থ্রোয়েও উইকেট ভাঙতে পারেননি ব্রড, উল্টো ওভার থ্রো থেকে প্রাণপণে দৌড়ে একটি রান নিয়ে ডাচদের উল্লাসে মাতিয়েছেন শিফারলি আর টেন ডসেট। টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার রবি বোপারা আর লুক রাইট যেভাবে শুরু করেছিলেন, তাতে কিন্তু ফলটা উল্টো হতেই পারতো। টোয়েন্টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষে প্রথম শতরানের জুটি গড়েছেন তারা, তাও আবার মাত্র ১১ ওভারে। লং অন থেকে অনেকটা দৌড়ে এসে পিটার সিলারের দুর্দান্ত এক ক্যাচের সাহায্যে বোপারাকে আউট করে ১০২ রানের ওই জুটি ভেঙেছেন রায়ান টেন ডসেট। ৩৪ বলে ৫টি বাউন্ডারিতে ৪৬ রান করেছেন বোপারা। তিনি মাত্র ৪ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেও তার পার্টনার করেননি, ১৮তম ওভারে আউট হওয়ার আগে ৪৯ বলে ৭১ রানের দারুণ একটা ইনিংস খেলেছেন এই তরুণ, তাতে ছিল আটটি বাউন্ডারি। তবে এই দুজনের গড়ে দেওয়া ভিতটাকে অন্য ব্যাটসম্যানরা সেভাবে কাজে লাগাতে না পারায় আরো বড় হতে পারেনি স্বাগতিকদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে দুই অঙ্কের রান করেছেন আর মাত্র দুজন- অধিনায়ক পল কলিংউড (১১) আর রবার্ট কি (অপরাজিত ১০)। তাদের পুরো ইনিংসে ছক্কা হয়নি একটিও! নেদারল্যান্ডসের পক্ষে টেন ডসেট ৩৫ রানে দুটি উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন পিটার বোরেন (১/৩১), এডগার সিফারলি (১/৩৩) আর সিলার (১/৩৫)। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় আধঘন্টা পরে শুরু হয়েছে ম্যাচটি। আর আবহাওয়ার বিপত্তিতেই মাঠে মারা গেছে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি। আয়োজকরা জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করলেও সেটা বাতিল করতে হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে মাঠে আসা দর্শকদের সান্ত্বনা এটুকু, আসল টুর্নামেন্টটা শুরু হয়েছে একটু দেরিতে হলেও। বিকেলে লন্ডনের আকাশে মেঘের ঘনঘটা শুরু হওয়ার আগেই অবশ্য একটা দুশ্চিন্তার মেঘ ছায়া ফেলেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের ওপর। সেটা দলের অন্যতম সেরা খেলোয়াড় কেভিন পিটারসেনকে নিয়ে। বাঁ পায়ের গোড়ালির চোট পুরো সেরে না ওঠায় উদ্বোধনী ম্যাচে তাকে খেলানোর ঝুঁকি নেয়নি ইংল্যান্ড। সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড : ২০ ওভারে ১৬২/৫ (রাইট ৭১, বোপারা ৪৬, কলিংউড ১১, কি ১০*; টেন ডসেট ২/৩৫) নেদারল্যান্ডস : ২০ ওভারে ১৬৩/৬ (ডি গ্র"থ ৪৯, বোরেন ৩০, টেন ডসেট ২২*, রিকার্স ২০; অ্যান্ডারসন ৩/২৩) ফল : নেদারল্যান্ডস চার উইকেটে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৫৭ ঘ.