২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিত-ঝড়ে উড়ে গেল পাকিস্তান

প্রস্তুতি ম্যাচ হলেও ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মর্যাদার লড়াই। অথচ সেই মর্যাদার লড়াইয়ে পাকিস্তানের সম্মান ভূলুন্ঠিত! রোহিত শর্মার এক দুর্দান্ত ইনিংসে চিরপ্রতিদ্বন্দ্বীদের অতি সহজে ৯ উইকেটে হারিয়ে আগের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের যন্ত্রণা অনেকটাই ভুলতে পেরেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 07:27 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

লন্ডন, ৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তুতি ম্যাচ হলেও ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মর্যাদার লড়াই। অথচ সেই মর্যাদার লড়াইয়ে পাকিস্তানের সম্মান ভূলুন্ঠিত! রোহিত শর্মার এক দুর্দান্ত ইনিংসে চিরপ্রতিদ্বন্দ্বীদের অতি সহজে ৯ উইকেটে হারিয়ে আগের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের যন্ত্রণা অনেকটাই ভুলতে পেরেছে ভারত। ওভালে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ওপেনার আহমেদ শেহজাদের ২৫ ও অধিনায়ক ইউনিস খানের ৩২ রান সত্ত্বেও ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিল। সেখান থেকে মিসবাহ-উল হক (৩০ বলে ৩৭*) ও ইয়াসির আরাফাতের (১৬ বলে ২৫*) আক্রমণাত্মক ব্যাটিং তাদের এনে দিয়েছে ৬ উইকেটে ১৫৮ রানের সম্মানজনক সংগ্রহ। কিন্তু রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে লক্ষ্যে পৌঁছাতে বিন্দুমাত্র সমস্যা হয়নি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন হওয়া ভারতের। ৫৩ বলে ৮০ রান, দুটো ছক্কা, ৯টা বাউন্ডারি --- পরিসংখ্যানেই পরিষ্কার পাকিস্তানের বোলারদের ওপরে কী তান্ডব চালিয়েছেন রোহিত! গৌতম গম্ভীরের সঙ্গে ১৬ ওভারে ১৪০ রানের উদ্বোধনী জুটি গড়ে তিনিই একপেশে করে ফেলেছেন ম্যাচটা। শেষ পর্যন্ত পাকিস্তানের নতুন আবিষ্কার বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে পুল করতে গিয়ে শেহজাদের দারুণ এক ক্যাচে পরিণত হয়ে মাঠ থেকে ফিরেছেন রোহিত। তারপরও ৩ ওভার হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে ভারত। সে সময় গম্ভীর ৫২ ও অধিনায়ক মহেন্দ্র ধোনি ৯ রানে অপরাজিত। বুধবার লর্ডসে আরেক প্রস্তুতি ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। রামনরেশ সারওয়ানের অপরাজিত ৪৬ ও জাভিয়ের মার্শালের ৩৫ রানের সুবাদে ৬ উইকেটে ১৪৪ রান করেছিল ক্যারিবীয়রা। জবাবে লুক রাইটের অপরাজিত ৭৫ ও রবি বোপারার ৬০ রান ৩২ বল আগেই জয় এনে দিয়েছে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিকদের। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩২৩ঘ.