নটিংহ্যাম, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু বাংলাদেশই নয়, সোমবার টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ শুরুর দিনে বিপর্যয়ের শিকার হয়েছে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত আর পাকিস্তানও। লর্ডসে নিউজিল্যান্ডের কাছে ৯ রানে হারার আগে গতবারের চ্যাম্পিয়ন ভারত অবশ্য ভালোই লড়াই করেছে, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হারের পর একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতো অসহায় মনে হয়েছে গতবারের রানার্স আপ পাকিস্তানকে। ৫৯ রানের বড় হার মেনে নিতে হয়েছে তাদের।
লর্ডসের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই আইপিএল 'তারকা' রস টেলর (৩৩ বলে ৪১, দুটি ছক্কা ও তিনটি বাউন্ডারি) আর ব্রেন্ডন ম্যাককালামের (১৯ বলে ৩১, চারটি বাউন্ডারি) দারুণ ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে রোহিত শর্মা (২০ বলে ৩৬, তিনটি ছক্কা ও তিনটি বাউন্ডারি), সুরেশ রায়না (২৪ বলে ৪৫, তিনটি ছক্কা ও তিনটি বাউন্ডারি) আর রবীন্দ্র জাদেজাদের (৪১ বলে ৪১, তিনটি বাউন্ডারি) কল্যাণে জয়ের সুবাসই পাচ্ছিল ভারত। চতুর্থ উইকেটে রায়না-জাদেজার ৬৯ রানের জুটিতে এক পর্যায়ে ১৪ ওভারেই তিন উইকেট হারিয়ে ১২৬ রান তুলে ফেলেছিল তারা। এরপর হঠাৎ করেই পথ হারিয়ে বসে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান তুলতে পারে মহেন্দ্র সিং ধোনির দল। ভারতের পক্ষে ইশান্ত শর্মা ২৫ রানে চারটি এবং নিউজিল্যান্ডের পক্ষে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ২৪ রানে তিনটি উইকেট পেয়েছেন।
ট্রেন্টব্রিজে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক গ্রায়েম স্মিথের হাফসেঞ্চুরির (৫২ বলে ৭০, একটি ছক্কা ও ৯টি বাউন্ডারি) সঙ্গে হার্শেল গিবস (২৩ বলে ৪২, একটি ছক্কা ও ৫টি বাউন্ডারি) ও অ্যালবি মরকেলদের (১৪ বলে ৩২, তিনটি ছক্কা) কার্যকর ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৬ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুবল বাকি থাকতেই ১২৭ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। সর্বোচ্চ ৩১ রান করেছেন ওপেনার আহমেদ শেহজাদ। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন ইয়োহান বোথা, রোয়েলফ ফনডার মার্ভ ও ডেল স্টেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১১৭ ঘ.
bdnews24