চেন্নাই, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএলের ভবিষ্যত বোধহয় অন্ধকার! কারণ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ক্রিকেটের মূল ধারায় ফেরার ঘোষণা দিয়েছেন ভারতের ৭৯ জন ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) এই 'বিদ্রোহী' ক্রিকেটারদের ক্ষমা ঘোষণা করে স্বাগত জানিয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে।
এপ্রিলে বিসিসিআই জানিয়েছিল আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ইচ্ছুক যে কোনো ক্রিকেটারকে ভবিষ্যতে জাতীয় দলের জন্য বিবেচনা করা হতে পারে। সেজন্য ৩১ মে পর্যন্ত শেষ সময়সীমাও বেঁধে দিয়েছিল তারা। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই ৭৯ জন সম্পর্ক চুকিয়ে দিলেন আইসিএলের সঙ্গে। যাদের মধ্যে আছেন ভারতের সাবেক তিন ক্রিকেটার হেমাং বাদানি, দীনেশ মঙ্গিয়া এবং শ্রীধরন শ্রীরামও।
এই ক্রিকেটাররা ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন এখন থেকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য অপেক্ষা করতে হবে অন্তত এক বছর। যেটাকে বলা হচ্ছে 'কুলিং অফ পিরিয়ড'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০০ঘ.
bdnews24