২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুবেলের তোপে বিধ্বস্ত স্কটল্যান্ড

দেশ-সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা নন। নন নিখুঁত লাইন-লেন্থে বল করতে পারা সৈয়দ রাসেল। স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ডানহাতি মিডিয়াম পেসার রুবেল হোসেন। মাত্র ১৬ রানে ৫ উইকেট নিয়ে তিনিই স্কটিশদের বড় সংগ্রহ গড়তে দেননি। প্রতিপক্ষের বেঁধে দেয়া ১৪২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে তেমন সমস্যাও হয়নি বাংলাদেশের। ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় পেয়েছে মোহাম্মদ আশরাফুলের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 08:56 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ওর্মসলি, ইংল্যান্ড, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ-সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা নন। নন নিখুঁত লাইন-লেন্থে বল করতে পারা সৈয়দ রাসেল। স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ডানহাতি মিডিয়াম পেসার রুবেল হোসেন। মাত্র ১৬ রানে ৫ উইকেট নিয়ে তিনিই স্কটিশদের বড় সংগ্রহ গড়তে দেননি। প্রতিপক্ষের বেঁধে দেয়া ১৪২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে তেমন সমস্যাও হয়নি বাংলাদেশের। ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় পেয়েছে মোহাম্মদ আশরাফুলের দল। টস হেরে ব্যাট করতে নামা স্কটিশদের বিপদের সূচনা ইনিংসের শুরু থেকেই। মাশরাফির করা ইনিংসের তৃতীয় বলেই ফ্রেজার ওয়াটস এলবিডব্লু। পাশাপাশি রুবেলও জ্বলে ওঠায় ৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল স্কটল্যান্ড। সেখান থেকে গ্যাভিন হ্যামিল্টন আর নিল ম্যাককালামের ৫৪ রানের জুটি বিপদ থেকে উদ্ধার করেছে তাদের। হ্যামিল্টনকে (৪১ বলে ৪৫) বোল্ড করে জুটিটা ভেঙ্গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা ম্যাককালামকে (৩৭ বলে ৫০) কট বিহাইন্ড করেছেন রুবেল। এ দুজন ছাড়া আর কেউ সুবিধা করতে না পারায় ৭ উইকেটে ১৪১ রান করতে পেরেছে স্কটল্যান্ড। জবাব দিতে নেমে তামিম ইকবালের সৌজন্যে ঝড়ো সূচনা পেয়েছে বাংলাদেশ। অন্য ওপেনার সোহরাওয়ার্দী শুভ (১) ও তিন নম্বরে নামা আশরাফুল (৩) ব্যর্থ হলেও তামিমের ব্যাট থেকে এসেছে ২১ বলে এক ছক্কা ও ৪ বাউন্ডারিসহ ৩৩ রান। ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানও (২৯ বলে ৪টি বাউন্ডারিসহ ৩৬) খেলেছেন কার্যকর ইনিংস। তারা অবশ্য দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। সে কাজটা করেছেন মাহমুদুল্লাহ ও রকিবুল হাসান। নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডের সঙ্গে প্রথম দুই ম্যাচেও ভালো খেলা মাহমুদুল্লাহ আবারো ব্যাট হাতে উজ্জ্বল। ৩৫ বলে ৪টি বাউন্ডারিতে ৪৬ রানে অপরাজিত থেকেই মাঠ থেকে ফিরেছেন তিনি। সঙ্গী রকিবুল তখন ১৫ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে দুজনের অবদান ৩৪ রান। তার আগে সাকিব-মাহমুদুল্লার ৬৪ রানের জুটিও বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের সহজ জয়ে। সোমবার বাংলাদেশের পরবর্তী প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচটার ভেন্যু ট্রেন্টব্রিজ। পরদিন একই ভেন্যুতে পঞ্চম ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর : স্কটল্যান্ড : ২০ ওভারে ১৪১/৭ (ম্যাককালাম ৫০, হ্যামিল্টন ৪৫, ব্যারিংটন ১৮; রুবেল ৫/১৬, মাশরাফি ১/২১, মাহমুদুল্লাহ ১/২৯) বাংলাদেশ : ১৮.৪ ওভারে ১৪২/৪ (মাহমুদুল্লাহ ৪৬*, সাকিব ৩৬, তামিম ৩৩, রকিবুল ১৫*; স্ট্যান্ডার ১/১৩, নেল ১/১৮)। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১২৫৪ঘ.