২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবার আগে ইংল্যান্ডে বাংলাদেশ

হিথ্রো এয়ারপোর্টে দাঁড়িয়ে সাকিব আল হাসানের মনে পড়ে গেল ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের স্মৃতি। সেবার বিশ্বকাপ খেলতে যেমন প্রথম দল হিসেবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রেখেছিল বাংলাদেশ, এবার টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডে পা রাখা প্রথম টেস্ট খেলুড়ে দেশও তারাই। যদিও এই মুহূর্তে ইংল্যান্ডে আছে ওয়েস্ট ইন্ডিজও, কিন্তু তারা আসলে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত। আর বাংলাদেশ টুর্নামেন্ট শুরুর এতো আগে পৌছে গেছে শুধু নিবিড় প্রস্তুতির জন্য। ওয়েস্ট ইন্ডিজেও আগেভাগে চলে যাওয়ার সুফল মিলেছিল বিশ্বকাপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- হিথ্রো এয়ারপোর্টে দাঁড়িয়ে সাকিব আল হাসানের মনে পড়ে গেল ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের স্মৃতি। সেবার বিশ্বকাপ খেলতে যেমন প্রথম দল হিসেবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রেখেছিল বাংলাদেশ, এবার টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডে পা রাখা প্রথম টেস্ট খেলুড়ে দেশও তারাই। যদিও এই মুহূর্তে ইংল্যান্ডে আছে ওয়েস্ট ইন্ডিজও, কিন্তু তারা আসলে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত। আর বাংলাদেশ টুর্নামেন্ট শুরুর এতো আগে পৌছে গেছে শুধু নিবিড় প্রস্তুতির জন্য। ওয়েস্ট ইন্ডিজেও আগেভাগে চলে যাওয়ার সুফল মিলেছিল বিশ্বকাপে। সাকিবও তাই ওরকম কিছুর পুনরাবৃত্তির স্বপ্ন দেখে ফেলছেন। শনিবার সকাল সাড়ে দশটায় এমিরেটসের ফ্লাইটে রওনা হওয়া বাংলাদেশ দল ১৬ ঘন্টায় পৌছেছে ইংল্যান্ড। মাঝে অবশ্য দুবাইতে আড়াই ঘন্টার ট্রানজিট ছিল। চলতিপথে বিমানের ক্রু থেকে শুরু করে সহযাত্রীদের শুভকামনা প্রতিনিয়তই শুনতে হয়েছে ক্রিকেটারদের। হিথ্রো এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা সারতেও খুব একটা সময় লাগেনি। তবুও এয়ারপোর্ট থেকে বের হতে একটু বেশি সময় লাগার কারণ, ইমিগ্রেশন অফিসারদের অটোগ্রাফের আবদার মেটাতে হচ্ছিল সাকিবদের। ইংল্যান্ডে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার আল্লামা সিদ্দিকী, হাইকমিশনের কর্মীবৃন্দ এবং জনাবিশেক প্রবাসী বাংলাদেশী হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে গিয়েছিলেন। আইপিএল থেকে ফিরে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ইংল্যান্ডে রওনা হয়েছেন রোববার সকালে। তাদের অনুপস্থিতিতে শনিবার হিথ্রো এয়ারপোর্টে ফোকাসটা সবচেয়ে বেশি ছিল সাকিবের ওপরই। তার সাক্ষাৎকার নিয়েছে স্থানীয় বাংলাদেশী চ্যানেল বাংলা টিভি এবং চ্যানেল এস। সংশোধিত অ্যাকশনে কতোটা কী করতে পারবেন, এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাককেও। সাক্ষাৎকারের এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের স্মৃতি রোমন্থন শুরু করলেন সাকিব, "আমার খুব মনে আছে, ২০০৭ এর বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পা রাখা প্রথম দল ছিলাম আমরা। এবার এখানেও তাই। আর আমাদের দলটাকে এবার খুব ভালো দেখাচ্ছে। ওই দলে আমরা যারা ছিলাম, তাদের দায়িত্ব এখন দলের মধ্যে সেই স্পিরিট ছড়িয়ে দেওয়া যার মাধ্যমে আমরা ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলাম। এখানেও ভারত আমাদের সামনে পড়বে। ত্রিনিদাদের পারফরম্যান্সের পুনরাবৃত্তি এখানেও করতে পারলে দারুণ হয়!" বাংলাদেশ দল শনিবার স্থানীয় রাত আটটায় (বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত দুইটা) লন্ডনে পৌছায়। যদিও 'রাত' বলাটা ঠিক হচ্ছে না কারণ তখনো সূর্য ডোবেনি। বাংলাদেশের চেয়ে ছয় ঘন্টা পেছনে থাকা ইংল্যান্ডে এই সময়ে সূর্য ডোবে নয়টার দিকে। এখন আগামী কয়েকদিনে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটাও করতে হবে ক্রিকেটারদের। তবে ইংল্যান্ডে পৌছে তাদের অনুভূতি অন্যরকম ভালোলাগায় আচ্ছন্ন হয়ে গেছে। সেখানকার ক্রয়ডনে ক্লাব ক্রিকেটে খেলা সৈয়দ রাসেল বাংলাদেশ 'এ' দলের হয়ে এর আগে দুবার ইংল্যান্ড সফর করেছেন। এই বাঁ হাতি পেসার ইংল্যান্ডের সৌন্দর্যে বুঁদ হয়ে আছেন যেন, "দারুণ একটা দেশ। চারিদিকে সব সবুজ আর সবুজ এবং সবকিছু কী পরিষ্কার-পরিচ্ছন্ন! এমনকি উপত্যকার ভেড়াগুলোকেও ঠিক সত্যিকারের বলে মনে হয় না। মনে হয় এ যেন পোস্টকার্ড।" ছবির মতো সুন্দর দেশে বাংলাদেশ দল উঠেছে শহর থেকে একটু দূরের অক্সফোর্ড বেলফ্রি হোটেলে। টাইগারক্রিকেট ডটকম-এর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/১০৩৩ ঘ.