ঢাকা, ২০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশা এবং আশঙ্কা, দুটোই ছিল হাবিবুল বাশারের। আইসিএলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলে আইনগত সমস্যায় পড়তে পারেন ধরে নিয়ে আইনজীবীর শরণাপন্ন হয়েছিলেন। তবে ক্রিকেটের মূলস্রোতে ফেরার কথা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আশাবাদও শুনিয়েছিলেন, "আশা করছি, ওই পথে হাঁটতে হবে না।" শেষপর্যন্ত হাবিবুলের আশাই সত্যি হল। যারা ছেড়ে আসতে চাইছেন, এমন ৫০ জন ক্রিকেটারকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিএল কর্তৃপক্ষ। আর ওই ৫০ জনের মধ্যে হাবিবুলও আছেন।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের প্রতিক্রিয়াটা তাই হল খুব স্বস্তির, "হ্যাঁ, শুনলাম যে ওরা নাকি অনেককেই ছাড়পত্র দিয়ে দিচ্ছে। আমিও এমনটাই আশা করেছিলাম। ওদের এরকম সিদ্ধান্তে তাহলে আর কোনো ঝামেলাই থাকলো না।" এখন সহসাই তার দেশের ক্রিকেটে ফিরতেও কোনো বাঁধা নেই। কারণ তিনি ফেরার ঘোষণা দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছিল, আগে তাকে আইসিএলের কাছ থেকে ছাড়পত্র আনতে হবে। তবে আইসিএলে তার সতীর্থদের মধ্য থেকে আর কেউ এখনো বিসিবি'কে ফেরার চিঠি দেননি।
হাবিবুল ফেরার ঘোষণা দেওয়ার পর অন্যদের সঙ্গে তার সম্পর্কটাও যে আর স্বাভাবিক নেই, সেটাও বেশ বোঝা যাচ্ছে। সংবাদ সম্মেলনের দিন বেশ জোর গলায় বলেছিলেন, তিনি সামাজিক মানুষ এবং আইসিএল ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কের কোনো অবনতিও হবে না। জানিয়েছিলেন, তাপস বৈশ্যের বিয়েতে তিনি সিলেটও যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে বুধবার তার সিলেটে থাকার কথা, কারণ এদিনই বিয়ে। কিন্তু হাবিবুল ঢাকাতেই আছেন। কেন যাননি, এই প্রশ্নও এড়িয়ে গেলেন। অবাঞ্চিত ক্রিকেটার হিসেবে বেঁচে থাকার যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি ফিরেছেন কিন্তু এটা বোধহয় আইসিএল ক্রিকেটারদের মাঝে তাকে 'অবাঞ্চিত'ই বানিয়ে দিয়েছে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২১২০ ঘ.
bdnews24