ঢাকা, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ক্রিকেটের মূলধারায় ফিরতে চেয়ে রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দেওয়ার পর থেকেই উৎসাহব্যঞ্জক সব প্রতিক্রিয়া শুনতে শুরু করেছেন হাবিবুল বাশার। বন্ধু সানোয়ার হোসেন তো সোমবার পাবলিক ইউনিভার্সিটিজ অ্যান্ড সার্ভিসেস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে তার দল বিমানের হয়ে খেলার প্রস্তাবই দিয়ে বসেছিলেন, "দোস্ত, ম্যাচটা খেলে দিয়ে যা।" আর হাবিবুলও আট মাসের 'আইসিএল জীবন' ছাড়তে পেরে ফেলছেন স্বস্তির নিঃশ্বাস।
আগেরদিনই জানিয়েছিলেন, সোমবার মিডিয়াকে বিস্তারিত জানাবেন। দুপুর তিনটায় তার বাসায় সাংবাদিকদের যেতেও বলেছিলেন। কিন্তু জনাকীর্ণ সংবাদ সম্মেলনের জন্য বাসার ড্রইং রুম খুবই ছোট হয়ে যায় বলে ভেন্যু বদলে নিয়ে গেলেন ধানমন্ডির বহুল আলোচিত 'আম্বালা ইন' রেষ্টুরেন্টে। যেখানে গত ২৫ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের পর সরকারের সঙ্গে দফায় দফায় সমঝোতা বৈঠক হয়েছিল বিদ্রোহীদের। সেখানেই হাবিবুল জানালেন, 'বিদ্রোহী' কিংবা 'নিষিদ্ধ ক্রিকেটার'-এর মতো বিশেষণগুলো তার ওপর বেদনার পাষাণ ভার হয়েই ছিল। সংবাদ সম্মেলনে বারবারই সেই ভারমুক্ত হওয়ার আনন্দের ঝিলিক খেলে গেল তার চোখে-মুখে।
প্রশ্ন: শুরুটা আপনিই করুন। রোববার বিসিবি'কে চিঠি দেওয়ার পর আপনার অবস্থানটাও তো পরিষ্কার হওয়া দরকার।
হাবিবুল বাশার: ক্রিকেটের মূলস্রোতে ফেরার জন্য বিসিবি আমাদের যে সুযোগটা দিয়েছে, আমি সেটা গ্রহণ করতে চাই। এজন্য আইসিএলের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করার শর্তও ছিল। আমি তাও করেছি। ই-মেইল করে আইসিএলকে জানিয়ে দিয়েছি, আমি আর তাদের সঙ্গে নেই। আইনগত দিকগুলো আমার আইনজীবি (ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিন) দেখছেন। আশা করছি, আইনগত কোনো ঝামেলায় আমাকে জড়াতে হবে না।
প্রশ্ন: কিন্তু আপনারাই তো বলেছিলেন, আইসিএলের চুক্তি বাতিল দুঃসাধ্য একটা কাজই হবে।
হাবিবুল বাশার: চুক্তি থেকে বের হয়ে আসা আসলেও খুব কঠিন। তবে আইনগতভাবে এটা মোকাবিলা করা সম্ভব। একটু ফাঁক তো অবশ্যই আছে। আমি সেটাই কাজে লাগাচ্ছি।
প্রশ্ন: আপনার ১৪ জন ক্রিকেটার একসঙ্গে আইসিএলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অথচ চুক্তি ছিন্ন করার সিদ্ধান্তটা আপনি একাই নিলেন।
হাবিবুল বাশার: আমি আগেও বলেছিলাম, এটা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে। তবে আমরা সবাই কিন্তু একত্রে বসেছিলাম। দীর্ঘ আলাপ-আলোচনার পর বুঝলাম, সবার পক্ষে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া আসলে অসম্ভব। তাই আমার সিদ্ধান্তটা আমি নিয়ে ফেললাম। তাছাড়া ক্রিকেটের মূলস্রোতের বাইরে থাকা আমার জন্য খুবই বেদনাদায়ক একটা ব্যাপার ছিল।
প্রশ্ন: ঢাকা ওয়ারিয়র্সের তাহলে এখন কী হবে?
হাবিবুল বাশার: সেটা তো বলতে পারবো না। আইসিএলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছি, এটাই শেষ কথা।
প্রশ্ন: মনে আছে নিশ্চয়ই, আইসিএলে যাওয়ার আগে অবসরের চিঠি পাঠিয়েছিলেন বিসিবি'কে।
হাবিবুল বাশার: পাঠিয়েছিলাম, তবে আমি আবারো ফিরতে চাই। আরো এক-দুই বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো ক্রিকেট আমার মধ্যে রয়ে গেছে বলেই মনে হয়। আমার এখনো খেলতে খুব ভালো লাগে। এই বিশ্বাস আছে যে আমি নিজেকে প্রমাণ করতে পারবো। প্রমাণ করতে পারলে জাতীয় দলে ফিরবো, না হলে নয়।
প্রশ্ন: তাহলে মানছেন, আইসিএলে যাওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল।
হাবিবুল বাশার: যখন সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন ভুল বলে মনে হয়নি। পরিস্থিতিও অন্যরকম ছিল তখন। তবে গত আট মাসে একটা জিনিষ আমি খুব ভালো উপলদ্ধি করেছি- দেশের হয়ে খেলে যে সন্মানটা আমরা পাই, এর বাইরে থাকা আমার জন্য বেদনাদায়ক।
প্রশ্ন: শোনা গেছে আইসিএলে যোগ দেওয়া অনেকেই ফেরার সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাগ্রস্ত। একধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বোর্ড যদি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে...
হাবিবুল বাশার: দিন-তিনেক আগে এক অনুষ্ঠানে বিসিবি'র বড় কর্তা লিপু ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমার। তার সঙ্গে কথা বলে বরং আইসিএল ক্রিকেটারদের বিষয়ে বোর্ডকে খুব আন্তরিক বলেই মনে হয়েছে আমার।
প্রশ্ন: আরো এক-দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সামর্থ্য আপনার আছে বলে মনে করেন। তবে ঢাকা ওয়ারিয়র্স দলে এমন কেউ কেউ আছেন, যাদের কাছ থেকে আরো এক যুগের সার্ভিস পেতে পারে বাংলাদেশ। ফিরে আসার বিষয়ে তাদের উৎসাহিত করেছেন কতোটা?
হাবিবুল বাশার: আমি সবার সঙ্গে কথা বলেছি। ওদের সিদ্ধান্ত ওরা নেবে। আমাকে এখনো বলেনি। তবে ওদের হাতে এখনো অনেক সময় আছে। আর বোর্ডও খুব আন্তরিক।
প্রশ্ন: এখন নিশ্চয়ই দেশের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো বিষয়কে আপনি নিরুৎসাহিতই করবেন। তো ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কী?
হাবিবুল বাশার: ওদের উদ্দেশ্যে বলতে চাই, টাকা-পয়সার দরকার অবশ্যই আছে। তবে একই সঙ্গে দেশের হয়ে খেলার গৌরবটাও অনেক বড় ব্যাপার। এটা আমি এখন খুব ভালো বুঝি- দেশের হয়ে খেলার জন্য যে সন্মানটা পাই, সেটা অন্য কোনোভাবে পাওয়া সম্ভব ছিল না।
প্রশ্ন: ফিরে আসার ক্ষেত্রে এটাই তাহলে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে আপনাকে?
হাবিবুল বাশার: আপনাকে বলা হচ্ছে নিষিদ্ধ ক্রিকেটার- এটা মেনে নেওয়া কঠিন। অন্যদের কথা বলতে পারবো না। তবে আমি সামাজিক মানুষ, সবার সঙ্গে মিশি। জাতীয় ক্রিকেটার হিসেবে পাওয়া সন্মানটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আইসিএল অনুমোদনহীন লিগ, আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার পর ফিরে আসা ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না।
প্রশ্ন: আইসিএলে যাওয়ার সময় আপনার মুখ থেকে অনেক অভিযোগ শোনা গিয়েছিল। এখন পরিস্থিতি খুব পাল্টেছে বলে মনে হয় কি?
হাবিবুল বাশার: মনে তো হয় পরিস্থিতি পাল্টেছে। তাছাড়া অবাঞ্চিত ক্রিকেটার হিসেবে আমি বাঁচতে চাই না। আমার পক্ষে ওভাবে থাকা সম্ভবও নয়। আমার মতো করে অন্যরাও ভাবছে।
প্রশ্ন: একা ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে অন্যদের প্রতি কতোটা ন্যায়বিচার করলেন?
হাবিবুল বাশার: ফিরে আসার আগে আমি সবাইকে জানিয়েই এসেছি। বলেছি, "যদি ফিরে আসতে চাও, চলে আসো। যে কোনো ধরনের সাহায্য লাগলেও করতে রাজী আছি।" আমার দিক থেকে আমি পরিষ্কার। তাছাড়া আমার ফ্যামিলিও খুব করে চাইছিল যেন ফিরে আসি। কেউ যদি ফিরতে চায়, আমি সাধ্যমত সাহায্য করবো। ওদের ব্যাপারটা আমার আইনজীবিকেও বলে রেখেছি।
প্রশ্ন: আইসিএল আদৌ আর মাঠে গড়াবে কিনা, এরকম একটা অনিশ্চয়তাও আছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটাও কি প্রভাবক ছিল?
হাবিবুল বাশার: একটু তো অনিশ্চয়তা আছে। তবে ওরা কখনোই বলেনি যে আইসিএল আর হবে না। আর হলেও আমি ফিরে আসতাম।
প্রশ্ন: ধরুন কেউ কেউ আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো না। তাতে তাদের সঙ্গে সম্পর্ক তো নিশ্চয়ই আর আগের মতো থাকবে না।
হাবিবুল বাশার: আমার সঙ্গে সবার সম্পর্ক আগের মতোই আছে। আগামী পরশু যেমন তাপসের (তাপস বৈশ্য) বিয়েতে সিলেট যাচ্ছি। আমাদের মধ্যে বিভক্তি হয়তো আছে। কেউ কেউ হয়তো একদমই ফিরে আসতে চায় না। তাই বলে এমন নয় যে আমার সঙ্গে সম্পর্ক চুকে যাবে। অনেকে তো আসতেও চাচ্ছে। নাম বলা ঠিক হবে না। ওরা আরো ভাবুক। কিছুদিন আগে পিসিএলের ফাইনাল দেখতে চট্টগ্রাম গিয়েছিলাম। সেখানে আফতাবের সঙ্গে অনেক কথা হয়েছে। ও বলেছে আমাকে জানাবে। তবে আমার কাছে ফিরে আসার একটা উদাহরণ তৈরি করা জরুরী বলে মনে হয়েছিল। সেটা আমি করেছি।
প্রশ্ন: শোনা যাচ্ছে, আপনার ফিরে আসাকে এখনকার জাতীয় দলের অনেকেই মেনে নেবে না।
হাবিবুল বাশার: অন্য খেলা থেকে একটা উদাহরণ দিতে চাই। বিশ্বকাপ ফুটবলের ম্যাচে রুনি আর রোনালদোর মধ্যে বেশ বড় একটা ঝামেলা হয়েছিল। তা নিয়ে জলও কম ঘোলা হয়নি। অথচ ক্লাব ফুটবলে একই দলের হয়ে খেলতে খেলতে তারা এখন একে অন্যের খুবই ভালো বন্ধু। একসঙ্গে খেলতে শুরু করলে আমার মনে হয় না কারো কোনো অভিযোগ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২১৩৩ঘ.
bdnews24