ঢাকা, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- রঞ্জি ট্রফির দল, তবে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিদেশে গিয়ে খেলার সুযোগ হয় কালেভদ্রে। গত বছর শ্রীলঙ্কা সফর করেছিল তারা। আর এবার বাংলাদেশে আসা তাদের মাত্র দ্বিতীয় বিদেশ সফর। এই সফরের শুরুতেই বাংলাদেশ জাতীয় দলের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা দারুণ লাগছে অধিনায়ক হার্শাদ খাদিওয়ালে'র, "একটা আন্তর্জাতিক দলের সঙ্গে খেলতে পেরে আমরা সবাই খুব উচ্ছ্বসিত।" টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ২৩ মে দেশ ছাড়ার আগে জাতীয় দল ১৮ ও ১৯ মে আরো দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে মহারাষ্ট্রের সঙ্গে। তবে একটা আন্তর্জাতিক দলের সঙ্গে খেলার উচ্ছ্বাসেই কিনা, রোববার প্রথম ম্যাচে একদমই লড়াই জমাতে পারেনি মহারাষ্ট্র। বিসিবি একাদশ নামের আড়ালে বাংলাদেশ জাতীয় দলের ১৫০ রান তাড়া করতে নেমে তারা হেরেছে ৬৩ রানে। ব্যাট হাতে বেশি কিছু করতে না পারলেও ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান।
টস জিতে মহারাষ্ট্র বিসিবি একাদশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল। তামিম ইকবাল (১৫) ও জুনায়েদ সিদ্দিকী (২২) মিলে ৩.৫ ওভারে ৩৭ রানের দারুণ সূচনা এনে দিয়েছেন স্বাগতিকদের। কিন্তু ২ রান ও ৭ বলের মধ্যে দুই ওপেনার এবং মোহাম্মদ মিথুনকে (১) হারিয়ে ৩৯ রানে ৩ উইকেটে পরিণত হয়ে যায় বিসিবি একাদশ। দিন-দুয়েক আগে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে দুই মাস পর মাঠে ফেরা সাকিব আল হাসান সেদিন শুধুই বোলিং করে ৩টি উইকেট নিয়েছিলেন। এদিনই প্রথম ব্যাট হাতে নেমে রকিবুল হাসানকে (২১) নিয়ে বিপর্যয় সামাল দিলেও বড় কিছু করা হয়নি তার। একটি বিশাল ছক্কা হাঁকানোর পরের বলেই লংঅনে ক্যাচ দিয়ে ফিরে যাওয়া সাকিব করেছেন ১৬ রান।
অবশ্য বল হাতে বাঁহাতি স্পিনে ঠিকই পুষিয়ে দিয়েছেন আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা অলরাউন্ডার। তার আগে বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরে রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৩৪ বলে দুই বাউন্ডারি ও এক ছক্কায় তার অপরাজিত ৪০ রানের ইনিংস নির্ধারিত ২০ ওভারে বিসিবি একাদশকে ৪ উইকেটে ১৫০ রানে নিয়ে যায়। পরে ১৭.১ ওভারে ৮৭ রানে অলআউট মহারাষ্ট্রের শেষ উইকেটটিও নিয়েছেন রিয়াদ। সুবাদে ম্যাচ রেফারি রকিবুল হাসানের বিবেচনায় ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডারই। তবে প্রতিপক্ষের ইনিংসের মেরুদন্ড ভেঙ্গে গেছে আসলে সাকিবের ঘূর্ণিতে।
মহারাষ্ট্রের ২৫ রানের ওপেনিং জুটি ভাঙ্গায়ও সাকিবের বিশেষ অবদান। শাহাদাত হোসেনের বলে তিনি দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন ওপেনার ও অধিনায়ক খাদিওয়ালে'র (১৯)। এরপর ইনিংসের পঞ্চম ও সপ্তম ওভারে তিন-তিনটি উইকেট তুলে নিলে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে মহারাষ্ট্র। এখান থেকে সাকিবের (৩/১৭) সঙ্গে ধ্বংসযজ্ঞে যোগ দেন অফস্পিনার নাঈম ইসলাম (৩/২০)। দু'জনের ঘূর্ণিতেই সহজ জয় পেয়েছে বিসিবি একাদশ। সেই সঙ্গে পেয়েছে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তাহ তিনেক আগে সাকিবের স্বাচ্ছন্দ্যে মাঠে ফেরার স্বস্তি।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের সেরা অলরাউন্ডার নিজেও বেশ স্বস্তিবোধ করছেন মাঠে ফিরে ভালো কিছু করতে পেরে, "এর আগে একটা ম্যাচ খেলে শুধু বোলিং করেছিলাম। মনে হয় খারাপ করিনি একদম। আজ ফিল্ডিং না করলেও ব্যাটিং-বোলিং দুটোই করেছি। মনে হচ্ছে সবকিছু ঠিকমতোই হচ্ছে। বিশেষ করে আজকে একটা ছক্কা মারার পর থেকেই এটা মনে হচ্ছে। দেশে আরো দুটো ম্যাচ আছে। ইংল্যান্ডে গিয়েও আরো পাঁচটা প্রস্তুতি ম্যাচ খেললে মনে হয় আমি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে যাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৪৩ঘ.
bdnews24