২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারওয়ানের সেঞ্চুরির পরও ফলোঅনে উইন্ডিজ

রামনরেশ সারওয়ানের পঞ্চদশ টেস্ট সেঞ্চুরিও স্বস্তি এনে দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। রোববার দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ৩১০ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে তারা। এর আগে শনিবার ৬ উইকেটে ৫৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ডারহ্যাম, ইংল্যান্ড, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামনরেশ সারওয়ানের পঞ্চদশ টেস্ট সেঞ্চুরিও স্বস্তি এনে দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। রোববার দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ৩১০ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে তারা। এর আগে শনিবার ৬ উইকেটে ৫৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। শিবনারায়ণ চন্দরপলের (২৩) সঙ্গে চতুর্থ উইকেটে ৯৯ রান যোগ করা সারওয়ান স্টুয়ার্ট ব্রডের বলে চতুর্দশ বাউন্ডারি মেরে পৌঁছেছেন 'ম্যাজিক ফিগারে'। কিন্তু এরপর আর কিছুই করতে পারেননি। নিজের পরের ওভারেই সারওয়ানকে গালিতে টিম ব্রেসনানের সহজ ক্যাচ বানিয়ে প্রতিশোধ নিয়েছেন ব্রড। তারপরও ফলোঅন এড়ানোর চেষ্টা চালিয়ে গেছেন দীনেশ রামদিন ও সুলেমান বেন। অষ্টম উইকেটে দুজনের ৭০ রানের জুটি দুশ্চিন্তায়ই ফেলে দিয়েছিল ইংল্যান্ডকে। সেই দুশ্চিন্তা থেকে তারা মুক্তি পেয়েছে বেনের (৩৫) রান আউটের মাধ্যমে। এরপর একা লড়াই চালিয়ে যাওয়া রামদিন আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসাবে। উইন্ডিজ উইকেট কিপারের ৫৫ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংসে ৭টি বাউন্ডারি ছাড়াও ছিল একটি ছক্কা। স্বাগতিকদের সেরা বোলার জেমস অ্যান্ডারসন। ৮৭ রানের বিনিময়ে তার শিকার ৫ উইকেট। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড ১ম ইনিংস : ৫৬৯/৬ ডিক্লে. (কুক ১৬০, বোপারা ১০৮, প্রায়র ৬৩, কলিংউড ৬০*; বেন ২/১৪৬) ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৩১০ (সারওয়ান ১০০, রামদিন ৫৫; অ্যান্ডারসন ৫/৮৭, ব্রড ৩/৬২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৫৬ঘ.