জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনেক নাটকের পর অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে মাশরাফি বিন মর্তুজার অভিষেক। কিন্তু শনিবার জোহানেসবার্গে তার অভিষেক ম্যাচটার কথা ভুলেই যেতে চাইবেন বাংলাদেশ সহ-অধিনায়ক। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য ডেকান চার্জাসের প্রয়োজন ছিল ২১ রান। মাশরাফির করা সেই ওভারে ২৬ রান নিয়ে ডেকানকে দারুণ নাটকীয় এক জয় এনে দিয়েছেন রোহিত শর্মা।
অভিষেক ম্যাচে মাত্র দুটি বল খেলার সুযোগ পেয়েছেন মাশরাফি। সেই ২ বলে অপরাজিত ২ রান করেছেন তিনি। তার দল কলকাতার ইনিংসটা মূলত গড়ে উঠেছে দুই অস্ট্রেলিয়ান ব্র্যাড হজ আর ডেভিড হাসির ব্যাটে ভর করে। ৪১ বলে সর্বোচ্চ ৪৮ রান করেছেন হজ, আর চারটি ছক্কাসহ হাসির ১৭ বলের ঝড়ে উঠেছে ৪৩ রান। এছাড়া ৩৩ রান করেছেন সৌরভ গাঙ্গুলীও, তবে সে জন্য ৪১ বল খেলে ফেলেছেন তিনি।
জবাবে অধিনায়ক অ্যাডাম গিলক্রিস (৩১ বলে ৪৩) ও হার্শেল গিবসের (৩৪ বলে ২৮) ৬৮ রানের উদ্বোধনী জুটি সত্ত্বেও আস্কিং রান রেট লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় বেশ দুর্ভাবনায় পড়ে গিয়েছিল ডেকান। কিন্তু তিরুমলসেত্তি সুমন (২৪ বলে ৩১) ও অ্যান্ড্রু সাইমন্ডসের (১৩ বলে ১৮) সৌজন্যে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল তারা। অবশ্য মাশরাফির করা ইনিংসের অষ্টাদশ ওভারে মাশরাফিরই সরাসরি থ্রোতে রান আউট হয়ে দলকে আবার চাপের মধ্যে ফেলে দেন সাইমন্ডস।
তবে শেষ ওভারে ২১ রানের কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও ভেঙ্গে পড়েননি রোহিত শর্মা। মাশরাফির করা সেই ওভারে তিনি ও বেনুগোপাল রাও (৭*) ২৬ রান নিয়ে দলকে এনে দিয়েছেন স্মরণীয় এক জয়। শেষ বলে ১ রান দরকার হলেও হুক করে ছক্কা মেরে মাশরাফির কাটা ঘায়ে নুনের ছিটা দেয়ার কৃতিত্ব রোহিতেরই। ১৩ বলে ২ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৩২ রানে অপরাজিত থেকে ডেকানকে জয় এনে দেয়ার সুবাদে ম্যাচের সেরাও তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএআর/১৬৫৫ঘ.
bdnews24