ব্লুমফন্টেইন, দক্ষিণ আফ্রিকা, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গতবার সেমিফাইনালে উঠলেও এবারের আইপিএলে শুরু থেকেই বেশ চাপের মধ্যে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। সেই চাপ থেকে কিছুটা হলেও তারা মুক্তি পেলো শুক্রবার, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দিল্লী ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়ে। সেই সঙ্গে তাদের সেমিফাইনালে ওঠার আশাও বেঁচে রইলো ভালোমতোই।
টস হেরে ব্যাট করতে নামা দিল্লীর ব্যাটসম্যানরা শুরু থেকেই অস্বস্তিতে পড়ে যায় প্রতিপক্ষের পেসারদের তোপে। ব্রেট লি'র করা ইনিংসের তৃতীয় ওভারেই কট বিহাইন্ড হয়ে যান দিল্লীর অধিনায়ক বীরেন্দর শেবাগ (৯)। সপ্তদশ ওভারে আক্রমণে ফিরে মেইডেন-উইকেট পাওয়া লি ১৯তম ওভারেও পেয়েছেন আরেকটি উইকেট। অস্ট্রেলীয় গতি তারকার (৩/১৫) পাশাপাশি শ্রীশান্ত (২/২০) ও ইরফান পাঠানও (২/২২) জ্বলে ওঠায় ৯ উইকেটে ১২০ রানের বেশি করতে পারেনি দিল্লী ডেয়ারডেভিলস। সর্বোচ্চ ৩২ রান এসেছে দীনেশ কার্তিকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান মিঠুন মানহাসের।
১২১ রানের আপাতসহজ লক্ষ্য হলেও ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়ে গিয়েছিল পাঞ্জাব। বিপদটা আরো বাড়তে পারতো গম্ভীর স্লিপে যুবরাজ সিংয়ের সহজ ক্যাচ মিস না করলে। সে সময় রানের খাতা না খোলা পাঞ্জাব অধিনায়ক কুমার সাঙ্গাকারার সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে জয়ের পথে এগিয়ে নিয়েছেন দলকে। জয়টা অবশ্য অত সহজে আসেনি। ১৮ রান করে যুবরাজ আউট হওয়ার পর আবার চাপের মধ্যে পড়ে যায় পাঞ্জাব। শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৩০ রান। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবকে জয় এনে দিয়েছে ইরফান পাঠানের ৩টি ছক্কাসমৃদ্ধ ১১ বলে অপরাজিত ২১ রানের 'ক্যামিও' ইনিংস। সাঙ্গাকারার অপরাজিত ৪৩ রানও লক্ষ্যে পৌঁছাতে দারুণ সাহায্য করেছে তাদের।
এই জয়ের ফলে ১২ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করা পাঞ্জাবের অবস্থান আপাতত ষষ্ঠ। ডেকান চার্জার্স আর ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের পয়েন্টও ১২, তবে ডেকান এক ম্যাচ কম খেলেছে। অন্যদিকে হেরে গেলেও ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দিল্লী ডেয়ারডেভিলস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৫১ঘ.
bdnews24