২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইকে হারিয়ে ফের লড়াইয়ে রাজস্থান

'শচীন টেন্ডুলকারের সঙ্গে লড়াইয়ে শেন ওয়ার্নের জয়' - শিরোনামটা এ রকমই হতে পারতো। বৃহস্পতিবার ডারবানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানস আর ওয়ার্নের রাজস্থান রয়্যালস। তাতে টেন্ডুলকার তার দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন, আর ওয়ার্ন নিয়েছেন টেন্ডুলকারের উইকেটটিসহ দলের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট। এবং তাতে শেষ পর্যন্ত ২ রানে জিতেছে ওয়ার্নের দলই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 04:53 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ডারবান, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'শচীন টেন্ডুলকারের সঙ্গে লড়াইয়ে শেন ওয়ার্নের জয়' - শিরোনামটা এ রকমই হতে পারতো। বৃহস্পতিবার ডারবানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানস আর ওয়ার্নের রাজস্থান রয়্যালস। তাতে টেন্ডুলকার তার দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন, আর ওয়ার্ন নিয়েছেন টেন্ডুলকারের উইকেটটিসহ দলের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট। এবং তাতে শেষ পর্যন্ত ২ রানে জিতেছে ওয়ার্নের দলই। কিন্তু শ্বাসরুদ্ধকর এই ম্যাচের জয়-পরাজয় আসলে নির্ধারিত হয়েছে মুনাফ প্যাটেলের করা শেষ ওভারে। নির্ধারিত ২০ ওভারে রাজস্থানের তোলা ৭ উইকেটে ১৪৫ রান তাড়া করে জয় পেতে ওই ওভারে মুম্বাইর প্রয়োজন ছিল মাত্র ৪ রান, হাতে ছিল তিন উইকেট। কিন্তু খানিকটা প্যাটেলের নিখুঁত-নিশানা আর খানিকটা সেই সূত্রে তৈরি হওয়া আতঙ্কে মুম্বাই ব্যাটসম্যানদের দিশেহারা রানিং এই সহজ সমীকরণটাকেই উল্টে দিয়েছে। এক বল বাকি থাকতেই ওই তিন উইকেট হারিয়ে অলআউট হওয়ার আগে মুম্বাই তুলতে পেরেছে আর মাত্র ১ রান! উত্থান-পতনের দারুণ নাটকীয়তায় ঠাসা ছিল আসলে পুরো ম্যাচটাই। তৃতীয় উইকেটে রব কিনি (৫১) আর রবীন্দ্র জাদেজার (৪২) ছয় ওভারে ৬১ রানের জুটি রাজস্থানের ইনিংসটাকে আরো বড় করে তোলার পথেই নিয়ে যাচ্ছিল। কিন্তু সনাৎ জয়াসুরিয়া এক ওভারেই দুটি উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছেন মুম্বাইকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রানের সাদামাটা সংগ্রহই গড়েছে তারা। কিন্তু জবাব দিতে নেমে ৭৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল মুম্বাই। টেন্ডুলকার আর অভিষেক নায়ারের (৩৫) কল্যাণে সেই বিপদ কাটিয়ে উঠেছিল তারা। ঊনিশতম ওভারের তৃতীয় বলে একটি ছক্কা মেরে দলকে জয়ের দোরগোড়াতেই পৌঁছে দিয়েছিলেন নায়ার। এক সময় ওভার প্রতি সাড়ে ৯-এর ওপরে থাকা আস্কিং রেট কমে হঠাৎ করেই সমীকরণটা হয়ে গিয়েছিল ৯ বলে ৬ রানের। কিন্তু পরের বলেই তার রানআউট থেকেই আবার শুরু হয়েছে মুম্বাইর পতন। এই জয়ে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। ১১ পয়েন্ট নিয়ে মুম্বাই আছে ষষ্ঠ স্থানে। রাজস্থান রয়্যালস : ২০ ওভারে ১৪৫/৭ (কিনি ৫১, জাদেজা ৪২, স্মিথ ১৯, ইউসুফ ১৭; জয়াসুরিয়া ২/০৩) মুম্বাই ইন্ডিয়ানস : ১৯.৫ ওভারে ১৪৩/১০ (টেন্ডুলকার ৪০, নায়ার ৩৫, টাকাওয়ালে ১৮, জয়াসুরিয়া ১৬; ওয়ার্ন ৩/২৪, ত্রিবেদী ২/১৯, প্যাটেল ২/২২ ) ফল : রাজস্থান ২ রানে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০০৭ ঘ.