ডারহ্যাম, ইংল্যান্ড, ১৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরের মাঠে প্রায় দু বছর টেস্ট সেঞ্চুরির দেখা পাননি অ্যালিস্টার কুক। অবশেষে ইংল্যান্ডের বাঁহাতি ওপেনারের হতাশা ঘুচে গেল বৃহস্পতিবার। কুক এবং রবি বোপারা দুজনই সেঞ্চুরি করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেই বড় সংগ্রহের জোরালো সম্ভাবনা ইংলিশদের। দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৩০২ রান।
ডারহ্যামের রিভারসাইড মাঠে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে উদ্বোধনী জুটিতে ৬৯ রান এনে দিয়েছেন কুক ও অ্যান্ড্রু স্ট্রাউস। উইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল প্রতিপক্ষ অধিনায়ক স্ট্রাউসকে (২৬) কট বিহাইন্ড করে দলকে ব্রেক থ্রু এনে দেয়ার পর কুক ও বোপারার মাধ্যমে দুর্দান্ত এক জুটির জন্ম। যে জুটিতে ইংল্যান্ড পেয়েছে ২১৩ রান। দিনের ৮৬তম ওভারে বোপারাকে বোল্ড করে জুটিটা ভেঙ্গেছেন লিওনেল বেকার। তবে তার আগেই টানা তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন বোপারা। গত ফেব্র"য়ারিতে ব্রিজটাউনে এবং গত সপ্তাহে ক্যারিবীয়দের সঙ্গেই লর্ডসে প্রথম টেস্টে সেঞ্চুরি করা বোপারার ব্যাট থেকে এসেছে ২০৮ বলে ১৩ বাউন্ডারি ও একটি ছক্কাসহ ১০৮ রান।
তবে কুককে প্রথম দিনে আউট করতে পারেননি উইন্ডিজ বোলাররা। নবম সেঞ্চুরি করে তিনি ১২৬ রানে অপরাজিত। ২৬২ বলের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ১৪টি। দিনশেষে তার সঙ্গে আছেন 'নাইটওয়াচম্যান' জেমস অ্যান্ডারসন (৪*)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩১৯ঘ.
bdnews24