ঢাকা, ১৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কুঁচকির ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বৃহষ্পতিবার বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে টোয়েন্টি টোয়েন্টি প্রস্তুতি ম্যাচও খেলেছেন। ব্যাটিং করেননি যদিও, তবে বল হাতে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে জাতীয় দলকে জেতাতেও রেখেছেন বড় ভূমিকা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাতীয় দল জিতেছে ৪৯ রানে। অবশ্য আগেরদিন বৃষ্টির কারণে অসমাপ্ত ম্যাচটিতে এদিন 'এ' দল ৬ উইকেটের সহজ জয় পেয়েছে।
বোলারদের সৌজন্যে সহজ জয় পেলেও জাতীয় দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্স এদিন মোটেও আশাব্যঞ্জক নয়। তামিম ইকবাল (১৬), জুনায়েদ সিদ্দিকী (১৬), শামসুর রহমান শুভ (১৩), রকিবুল হাসান (২০), মাহমুদুল্লাহ রিয়াদ (১), মুশফিকুর রহিম (৫), নাঈম ইসলাম (২০*) ও মোহাম্মদ মিথুনদের (২৫) ইনিংসগুলো দেখলেই তা বোঝা যাওয়ার কথা। এতোগুলো ছোট ইনিংসের সমষ্টি- ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান।
জবাব দিতে নামা 'এ' দল ৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে। বাঁ হাতি পেসার সৈয়দ রাসেল (২/৮) ফেরান ওপেনার নাজমুস সাদাত (০) ও 'এ' দলের অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়রকে (২)। মাঝে অন্য ওপেনার নাফিস ইকবাল কোনো রান না করেই রানআউট হন সাকিব আল হাসানের সরাসরি থ্রো'তে। সেখান থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা 'এ' হান্নান সরকারের ৩২ রানের ইনিংসটি না হলে ৯১ পর্যন্তও যেত কিনা সন্দেহ। হান্নানকে ফেরানো অফস্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ ৮ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া আরেক অফস্পিনার নাঈম ইসলামও পেয়েছেন ১ উইকেট।
আগেরদিন জাতীয় দল ৯ উইকেটে ১৩৩ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃহষ্পতিবার সকালে ওই রান তাড়া করতে নামা 'এ' দল শুরুতেই পড়ে রাসেলের তোপের মুখে। তাদের ২৫ রানে ৩ উইকেট হারানো দল বানিয়ে ফেলেন রাসেল (৩/২৫)। তবুও 'এ' দলের জয় ৬ উইকেটের কারণ, চতুর্থ উইকেটে অধিনায়ক মেহরাব জুনিয়র (৪৮) ও শরীফুল্লাহ'র ৬৬ রানের জুটি। মেহরাব রানআউট হওয়ার পর নাজমুল হোসেনকে (২৩*) নিয়ে ৪ বল বাকি থাকতেই 'এ' দলকে জয় এনে দেন শরীফুল্লাহ (৩৭*)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.
bdnews24