লন্ডন, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১১ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কিন্তু সেই জয় ধরে রাখার প্রশ্ন যখন এলো, ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ক্রিস গেইল ব্যাপারটাকে মোটেই গুরুত্ব দিচ্ছেন বলে মনে হচ্ছে না। আইপিএল ছেড়ে এই সিরিজের দলের সঙ্গে তিনি যোগ দিয়েছেন একেবারে শেষ মুহূর্তে, প্রথম টেস্ট শুরুর মাত্র ৪৮ ঘন্টা আগে। আর সেই টেস্টে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টের আগে তিনি জানিয়ে দিলেন, টেস্ট ক্রিকেট মোটেই টানছে না তাকে, ব্যস্ত আন্তর্জাতিক সূচির চাপ সামলাতে ক্রিকেটের এই আদি ফরম্যাট থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। আর সে জন্যে এমনকি ছেড়ে দিতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বও!
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ডারহামের চেস্টার লি স্ট্রিটে। স্যার ভিভ রিচার্ডস ট্রফি ধরে রাখতে হলে এই টেস্টে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। অথচ তার আগের দিন কি না লন্ডনের গার্ডিয়ান পত্রিকা ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ককে উদ্ধৃত করে লিখেছে, "টোয়েন্টি-টোয়েন্টির উন্মাদনার স্রোতে ভেসে যদি হারিয়ে যায় টেস্ট ক্রিকেট" তাহলে নাকি তিনি খুব একটা দুঃখ পাবেন না। ব্যাপারটা অনেকেরই পছন্দ হচ্ছে না বুঝে পরে অবশ্য আবার ব্যাখ্যাও দিয়েছেন একটা, বলেছেন এটা তার একান্তই ব্যক্তিগত মত- এবং সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিজে হয়তো খেলবেন না কিন্তু টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে কিছু বলেননি, টেস্ট তার জায়গাতেই থেকে যাবে বলে বিশ্বাস করেন তিনি।
কিন্তু এই ভাবনাটাই বা কেন এলো তার মনে? গেইল বলছেন, "আজকাল অনেক ক্রিকেট খেলা হচ্ছে। আর আমিও ইনজুরিতে পড়ছি বার বার। এটা শরীরের ওপর তো বটেই, কখনো কখনো মনের ওপরও প্রভাব ফেলে। তাছাড়া সারা জীবন তো আর কেউ খেলে যায় না, কোথাও না কোথাও থামতেই হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৩০ ঘ.
bdnews24