২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিএল-এর দাম প্র্যাকটিস ম্যাচেও মেটালেন তামিম!

সদ্যসমাপ্ত পোর্ট সিটি লিগের (পিসিএল) সবচেয়ে দামী ক্রিকেটার তামিম ইকবাল এবার জাতীয় দলের প্রস্তুতি ম্যাচেও সফল। তবে বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে যে ম্যাচটিতে তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৫২ বলে ৬৬ রানের ইনিংস, সেটি শেষই হতে পারেনি। জাতীয় দল ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান তোলার পর বৃষ্টিতে খেলাটা পণ্ডই হয়ে যায়। অবশ্য সকালের ম্যাচটি ছিল জাতীয় দলের জন্য চরম হতাশাজনক। ব্যাটিং ব্যর্থতায় 'এ' দলের কাছে ৬ রানের হার মেনে নিতে হয়েছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সদ্যসমাপ্ত পোর্ট সিটি লিগের (পিসিএল) সবচেয়ে দামী ক্রিকেটার তামিম ইকবাল এবার জাতীয় দলের প্রস্তুতি ম্যাচেও সফল। তবে বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে যে ম্যাচটিতে তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৫২ বলে ৬৬ রানের ইনিংস, সেটি শেষই হতে পারেনি। জাতীয় দল ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান তোলার পর বৃষ্টিতে খেলাটা পণ্ডই হয়ে যায়। অবশ্য সকালের ম্যাচটি ছিল জাতীয় দলের জন্য চরম হতাশাজনক। ব্যাটিং ব্যর্থতায় 'এ' দলের কাছে ৬ রানের হার মেনে নিতে হয়েছে তাদের। মোহাম্মদ আশরাফুল এবং মাশরাফি বিন মর্তুজা, দু'জনেই এখন দক্ষিণ আফ্রিকায়। তাদের অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর 'এ' দলের অধিনায়ক ছিলেন মেহরাব হোসেন জুনিয়র। জাতীয় দলের কেউ কেউ আবার 'এ' দলের হয়েও খেলেছেন। এই যেমন প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ। আর দ্বিতীয় ম্যাচে তামিমদের সঙ্গে ছিলেন জাতীয় দলের বাইরের ফয়সাল হোসেনও। প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা 'এ' দল বেশিদূর যেতে পারেনি। পিসিএলে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের শিরোপা জয়ের নায়ক নাফিস ইকবালের ৩৫ ও রিয়াদের ৩৪ রানে তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে মাত্র ১২৯ রান। জাতীয় দলের বাঁ হাতি পেসার সৈয়দ রাসেল ২৫ রানে ও বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ২১ রানে নিয়েছেন দুটো করে উইকেট। অফস্পিনার নাঈম ইসলাম ১ উইকেট নিতে খরচ করেছেন ৩৮ রান। জবাব দিতে নামা জাতীয় দলের হয়ে এই ম্যাচে অবশ্য মাত্র ১৭ রান করেন তামিম। তবে তার ওপেনিং সঙ্গী জুনায়েদ সিদ্দিকী (৩৩) ও রকিবুল হাসান (২৯) ছাড়া আর কারো সংগ্রহই বলার মতো নয়। 'এ' দল তাদের ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানের বেশি তুলতে দেয়নি। জাতীয় দলের রিয়াদ 'এ' দলের সফলতম বোলার। এই অফস্পিনার ১৩ রানে নিয়েছেন ২ উইকেট। যে ম্যাচটি শেষ হয়নি, তাতেও তামিমের আট চারে সাজানো ৬৬ ছাড়া আর কিছু নেই। তিনি ছাড়া দুই অঙ্কে পৌছাতে পেরেছেন কেবল আর একজনই। তবে সেই ফয়সাল হোসেন (২০) তো জাতীয় দলের নন। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের এমন পারফরম্যান্সে যথেষ্টই উদ্বিগ্ন হওয়ার কথা টিম ম্যানেজমেন্টের। 'এ' দলের সঙ্গে আরো একটা ম্যাচ আছে। সেটি ১৫ মে সকালে। এরপর ১৭, ১৮ ও ১৯ মে আরো তিনটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে। সেগুলো খেলেই ২৩ মে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে জাতীয় দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.