২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজের দিকেই ফ্লিনটফের চোখ

আইপিএলে খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়ে এখন তিনি মাঠের বাইরে। ইনজুরিতে সারাতে করাতে হয়েছে অস্ত্রোপচারও। সেজন্য ইংলিশ ক্রিকেট মৌসুমের প্রথমাংশ মিস করলেও অ্যান্ড্রূ ফ্লিনটফের মনে কোনো আফসোস নেই। তিনি বরং আগামী জুলাইয়ে শুরু হতে যাওয়া অ্যাশেজের দিকে অধীর আগ্রহে তাকিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 10:34 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

লন্ডন, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইপিএলে খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়ে এখন তিনি মাঠের বাইরে। ইনজুরিতে সারাতে করাতে হয়েছে অস্ত্রোপচারও। সেজন্য ইংলিশ ক্রিকেট মৌসুমের প্রথমাংশ মিস করলেও অ্যান্ড্রূ ফ্লিনটফের মনে কোনো আফসোস নেই। তিনি বরং আগামী জুলাইয়ে শুরু হতে যাওয়া অ্যাশেজের দিকে অধীর আগ্রহে তাকিয়ে। সেটাই স্বাভাবিক। অ্যাশেজের সঙ্গে যে ফ্লিনটফের ক্যারিয়ারের এক উজ্জ্বল অধ্যায় জড়িয়ে। চার বছর আগে তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। ১৮ বছর বাদে সেটাই ছিল ইংলিশদের প্রথম অ্যাশেজ জয়। সেই সুখস্মৃতি আজো তার মনে তরতাজা বলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে উন্মুখ হয়ে আছেন সতীর্থদের কাছে 'ফ্রেডি' নামেই বেশি পরিচিত ফ্লিনটফ, "যখন আমার মতো গোড়ালি এবং এখনকার হাঁটুতে অস্ত্রোপচারের মতো সমস্যায় আপনি পড়বেন, তখন অ্যাশেজে খেলা আর অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্নই আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। পুনর্বাসন প্রক্রিয়ার সময় সেটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। তবে সময় এলে আমাকে নিশ্চিত করতে হবে যে আমি সেরা ফর্মেই আছি। এই সিরিজে (অ্যাশেজে) প্রত্যেকেই খেলতে চায়। লোকে জিজ্ঞেস করছে ২০০৬-০৭ মৌসুমে ৫-০তে হোয়াইটওয়াশ হওয়াটাই আমাকে প্রতিশোধ নিতে উজ্জীবিত করে তুলছে কিনা। তবে সত্যি বলতে কী, আবার অ্যাশেজে খেলার চেয়ে আর কোনো বড় অনুপ্রেরণার দরকার নেই আমার।" সেজন্যই ইনজুরিটা অ্যাশেজের বেশ আগে হয়েছে বলে তেমন দুঃখ পাননি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ফ্লিনটফ। তার ধারণা চেন্নাইয়ের বদলে ইংলিশ কাউন্টিতে দীর্ঘ দিনের দল ল্যাঙ্কাশায়ারের পক্ষে খেলার সময়ও হানা দিতে পারতো ইনজুরিটা, "ইনজুরিটা আমার জন্য হতাশাজনক হলেও স্বস্তির কথা যে এটা অন্তত এখন হয়েছে। লোকে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে। তবে এটা তো একমাত্র ঘটনা নয়। অনেক দিন ধরেই এমন ঘটনা আমার জীবনে ঘটছে। আইপিএলে চেন্নাইয়ের বদলে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময়েও এমন ঘটনা ঘটতে পারতো।" অবশ্য আগামী মাসে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আশা করছেন ফ্লিনটফ। তবে ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিতে না পারলেও অ্যাশেজে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ ফ্লিনটফ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী লড়াইয়ে অংশ নিতে এখন এতটাই মরিয়া 'ফ্রেডি'! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৪০ঘ.