করাচি, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার সঙ্গে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে একটা সমস্যায় পড়েছিল পাকিস্তান। চাপের মধ্যে ব্যাটসম্যানদের ভুল শট খেলে আউট হওয়ার সেই সমস্যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) বেশ দুশ্চিন্তায়। সামনেই টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটিতে ক্রিকেটারদের মানসিকভাবে শক্তিশালী করে তোলার লক্ষ্যে তাই একজন মনোবিদ নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
বৃহস্পতিবার থেকে শৈলশহর ভুরবানে শুরু হতে যাওয়া কন্ডিশনিং ক্যাম্পেই ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করবেন মনোবিদ ডঃ মকবুল বাবরি। পাকিস্তানের কোচ ইন্তিখাব আলম বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, "তিনি একজন একজন করে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবেন। সেই সঙ্গে গ্র"প পদ্ধতিতেও কাজ করবেন। (টোয়েন্টি টোয়েন্টি) বিশ্বকাপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমাদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা। তাই দলকে ভালো খেলতেই হবে।"
দুবাই আর আবুধাবিতে অনুষ্ঠিত সিরিজে সেই 'ভালো খেলা'র অভাব ভালোমতোই ভুগিয়েছে পাকিস্তানকে। আর সেজন্যই তাদের মনোবিদের শরণাপন্ন হওয়া। ইন্তিখাবের আশা মনোবিদের উপস্থিতি দলের কাজে আসবেই, "আমার মনে হয় মাঝে-মাঝে ব্যর্থতাজনিত ভীতি খেলোয়াড়দের চাপের মধ্যে ফেলে দেয়। আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই পরিকল্পনাটা নেয়া হয়েছে। তারা যেন নিজেদের সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে পারে তার জন্যই এই ব্যবস্থা। খেলোয়াড়দের চাপ আর প্রত্যাশার সঙ্গে মানিয়ে নেয়ার মতো প্রস্তুতি থাকতে হবে।"
আগামী মাসে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে 'বি' গ্র"পে পাকিস্তানের দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ৭ জুন নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ডের।
এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত সাঈদ আজমল মঙ্গলবার পার্থের উদ্দেশে রওনা দিচ্ছেন। সেখানে তার অ্যাকশন পর্যবেক্ষণ করবেন অস্ট্রেলীয় বায়োমেকানিক বিশেষজ্ঞ ডঃ ব্র"স এলিয়ট। পাকিস্তানের টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও এই টুর্নামেন্টে অংশ নিতে হলে সবার আগে বোলিং অ্যাকশন শোধরাতে হবে আজমলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১৫ঘ.
bdnews24