২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফের ওপর বিরক্ত পিসিবির তদন্ত দল

মাদক রাখার দায়ে দুবাই বিমান বন্দরে আটক হয়েছিলেন তিনি। তবে পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আসিফের দাবি, তিনি আসলে নির্দোষ। কিন্তু ওই ঘটনায় তার দায় আসলেই কতখানি, সেটা তদন্ত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে কমিটি, এখন তারাই বিরক্ত আসিফের ওপর। কারণ, কমিটিকে কিছু না জানিয়েই তিনি চলে গেছেন ইংল্যান্ডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 10:07 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

করাচি, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাদক রাখার দায়ে দুবাই বিমান বন্দরে আটক হয়েছিলেন তিনি। তবে পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আসিফের দাবি, তিনি আসলে নির্দোষ। কিন্তু ওই ঘটনায় তার দায় আসলেই কতখানি, সেটা তদন্ত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে কমিটি, এখন তারাই বিরক্ত আসিফের ওপর। কারণ, কমিটিকে কিছু না জানিয়েই তিনি চলে গেছেন ইংল্যান্ডে। আগামী ১ জুন কমিটির পরবর্তী সভায় হাজির হতে বলে একটি নোটিশ দেওয়া হয়েছে আসিফকে। পিসিবির একজন মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেছেন, "আসিফকে জানানো হয়েছে ১ জুনের সভায় যদি তিনি উপস্থিত না হন, তাহলে তার অনুপস্থিতিতেই চূড়ান্ত রিপোর্ট দিয়ে দেবে কমিটি।" পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবেক অধিনায়ক ওয়াসিম বারির নেতৃত্বে গঠিত তিন সদস্যের এই কমিটির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে আসিফের কাছে। কমিটিকে কিছু না জানিয়ে তার ইংল্যান্ড চলে যাওয়াটা যে উচিত হয়নি, চিঠিতে সেটা উল্লেখ করা হয়েছে। ডোপটেস্টে ধরা পড়ে এমনিতেই এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে আছেন ২৬ বছর বয়সী এই ফাস্ট বোলার। দুবাই বিমান বন্দরে ১৯ দিন আটক থাকার ঘটনায় দোষী প্রমাণিত হলে আরো বড় শাস্তি হতে পারে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১৪০ ঘ.