২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানকে জেতালো রোহিত শর্মার বোলিং

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সোমবারের একমাত্র ম্যাচটির আগে পয়েন্ট তালিকার তিন নম্বরে ছিল রাজস্থান রয়্যালস, চারে ডেকান চার্জার্স। রোহিত শর্মার দারুণ বোলিংয়ে ওই ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের ৫৩ রানে হারিয়ে জায়গা বদল করে নিয়েছে চার্জার্সরা। এখন তারাই তিন নম্বরে আর রাজস্থান চারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 06:04 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

কিম্বার্লি, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সোমবারের একমাত্র ম্যাচটির আগে পয়েন্ট তালিকার তিন নম্বরে ছিল রাজস্থান রয়্যালস, চারে ডেকান চার্জার্স। রোহিত শর্মার দারুণ বোলিংয়ে ওই ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের ৫৩ রানে হারিয়ে জায়গা বদল করে নিয়েছে চার্জার্সরা। এখন তারাই তিন নম্বরে আর রাজস্থান চারে। টস জিতে ব্যাট করতে নেমে হায়দরাবাদের দল চার্জার্স নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ৭ উইকেটে ১৬৬ রান। জবাবে ৩ বল বাকি থাকতে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে গেছে রাজস্থান। শেন ওয়ার্নের দলের সর্বনাশটা করেছে মূলত ব্যাটসম্যান হিসেবেই পরিচিত রোহিত শর্মার অফস্পিন। তিন ওভারে মাত্র ১২ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। এছাড়া চামিন্ডা ভাস পেয়েছেন ১৯ রানে দুই উইকেট। এই দুজনের সঙ্গে আরপি সিং (১/২২) আর প্রজ্ঞান ওঝারও (১/২৫) দারুণ বোলিংয়ের সামনে একমাত্র ওপেনার স্বপ্নিল আসনোদকার ছাড়া রাজস্থানের আর কোনো ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারেননি। আসনোদকারের ৩৯ বলে ৪৪ রানের ইনিংসটা তাই কোনো কাজেই আসেনি। এর আগে ডেকান চার্জার্সকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে তিন জনের আক্রমণাত্মক ব্যাটিং। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া ডেকান ওপেনার তিরুমলসেত্তি সুমনের ১৯ বলে ২৯ রানের সুবাদে বেশ ভালো সূচনা পেয়েছে । এরপর অ্যান্ড্রু সাইমন্ডসের ১৯ বলে ৩০ আর ডোয়াইন স্মিথের ৪টি ছক্কাসমৃদ্ধ ৩২ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসের সৌজন্যে দেড় শ' পেরিয়ে গেছে তারা। রাজস্থানের পক্ষে ইউসুফ পাঠান ৩টি এবং রবীন্দ্র জাদেজা নিয়েছেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১৪০ ঘ.