২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গালুরুকে হারিয়ে লড়াইয়ে ফিরলো মুম্বাই

শচীন টেন্ডুলকারের ব্যাটে রানখরা চলছেই। রোববার টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে, নিজের খেলা তৃতীয় বলে, কোনো রান না করেই আউট হয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক। কিন্তু তার দলের পারফরম্যান্সে সেটার তেমন কোনো প্রভাব পড়েনি। বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জার্সকে ১৬ রানে হারিয়ে বরং সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফিরেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

পোর্ট এলিজাবেথ, ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শচীন টেন্ডুলকারের ব্যাটে রানখরা চলছেই। রোববার টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে, নিজের খেলা তৃতীয় বলে, কোনো রান না করেই আউট হয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক। কিন্তু তার দলের পারফরম্যান্সে সেটার তেমন কোনো প্রভাব পড়েনি। বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জার্সকে ১৬ রানে হারিয়ে বরং সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফিরেছে তারা। টেন্ডুলকার আর সনাৎ জয়াসুরিয়ার (২৯) বিদায়ের পর আজিনকিয়া রাহানে আর জেপি ডুমিনির দুটি হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছিল মুম্বাই। রাহানে ৪৯ বলে ৬২ আর ডুমিনি ৪১ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। তৃতীয় উইকেটে ১০৪ রানের হার না মানা জুটি গড়েছেন তারা। জবাব দিতে নেমে বেঙ্গালুরুর ইনিংসটা শুরু থেকেই এগিয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো চ্যালেঞ্জার্সদের পক্ষে লড়াই করেছেন কেবল দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার মার্ক বাউচার। কিন্তু তার ৩৩ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংসটা জয় এনে দিতে পারেনি তাদের। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ১৪১। মুম্বাইর পক্ষে ৪ ওভারে ১৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন হরভজন সিং। ১০ ম্যাচে মুম্বাইর এটি চতুর্থ জয়। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা। তবে তৃতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের চেয়ে মাত্র ২ পয়েন্ট পেছনে আছে তারা। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তাদের পেছনে আছে বেঙ্গালুরু। সংক্ষিপ্ত স্কোর মুম্বাই : ২০ ওভারে ১৫৭/২ (রাহানে ৬২*, ডুমিনি ৫৯*, জয়াসুরিয়া ২৯; ফনডার মার্ভ ১/১৭, বিনয়কুমার ১/৩০) বেঙ্গালুরু : ২০ ওভারে ১৪১/৭ (বাউচার ৪৮*, কোহলি ২০, টেলর ১৬, ক্যালিস ১২, দ্রাবিড় ১০; হরভজন ২/১৫) ফল : মুম্বাই ইন্ডিয়ানস ১৬ রানে জয়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৩৩ ঘ.