চট্টগ্রাম, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম সারির জাতীয় দৈনিকের এক সাংবাদিককে মধুর বিড়ম্বনায় ফেললেন জিয়াউর রহমান! ''ফাইনালে মুখোমুখি দুই ভাই নাফিস-তামিম" ধরনের প্রতিবেদন তিনি লিখে ফেলেছিলেন পিসিএলে ঢাকা স্পোর্টস ক্লাব-আবাহনীর দ্বিতীয় সেমিফাইনাল শেষ হওয়ার অনেক আগেই। আসলে তা-ই হওয়ার কথা ছিল। তার আর কী দোষ! আবাহনীর ক্রিকেটাররাও কী ভেবেছিলেন! হতাশ জাতীয় দলের পেসার সৈয়দ রাসেলও তো বলে গেলেন, "এভাবে হারবো কল্পনায়ও আসেনি।"
কল্পনাকে হার মানানো ব্যাটিং দিয়ে হারা ম্যাচ ৩ উইকেটে জিতিয়ে ঢাকা স্পোর্টস ক্লাবকে (ডিএসসি) ফাইনালে তুললেন জিয়াউর রহমান। আর তার ব্যাটিংয়ে এমনই বিস্ফোরণ ছিল যে দিনের শেষে জুনায়েদ সিদ্দিকী, নাফিস ইকবাল ও তামিম ইকবালদের ছাপিয়ে 'নায়ক' এই পেসারই। এখানে একটা তথ্য না দিলেই নয়। বাংলাদেশের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই 'ক্লিন হিটার' বলে পরিচিত এই পেসার শনিবার বলই করেননি। তার ব্যাটিং ক্ষমতার ওপর দলের কতোখানি আস্থা ছিল, মাত্র ৩১ বলে ছয়টি চার ও সাতটি ছক্কায় সাজানো অপরাজিত ৭৮ রানের বিস্ফোরক ইনিংসটির পর তা আর না বললেও চলছে।
অথচ রোববার বিকেল পাঁচটার ফাইনালে চট্টগ্রামের স্থানীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্স-আপ ব্রাদার্সের দেখা হওয়াটাকেই এক পর্যায়ে ভবিতব্য বলে মনে হচ্ছিল। সকালে প্রথম সেমিফাইনালে নাফিস ইকবালের অপরাজিত ৭০ রানে ভর করে দাদা ওয়ারিয়র্সকে চার উইকেটে হারিয়েছে ব্রাদার্স।
তারপর বিকেলের দ্বিতীয় সেমিফাইনালকে ঘিরে আরেকটি তামিমনামা লেখারও প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তিনিই যে টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনীর সব, এদিন তা আরেকবার প্রমাণিত। ৪৬ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৫৪ রান করে ডিএসসির সফলতম বোলার রাজিন সালেহ'র (৩/১৯) শিকারে পরিণত হওয়ার পর আবাহনীকে টেনেছেন দুই শ্রীলঙ্কান চামারা সিলভা (২১ বলে অপরাজিত ৩৬) ও দিমুথ করুনারতে
bdnews24