২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সকে ফাইনালে তুলে নিলেন নাফিস

চাচা আকরাম খানকে জড়িয়ে ধরলেন নাফিস ইকবাল। আলোকচিত্রীরাও অন্যরকম এই 'যুগলবন্দী' ফ্রেমে ধরতে ভুললেন না। শনিবার দুপুরে এমএ আজিজ স্টেডিয়ামে পিসিএলের প্রথম সেমিফাইনাল শেষ হওয়ার ঠিক পরের দৃশ্য এটি। যে ম্যাচ দেখেছে নাফিসের ৫৬ বলে অপরাজিত ৭০ রানের 'ক্যাপ্টেন্স নক'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 08:27 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাচা আকরাম খানকে জড়িয়ে ধরলেন নাফিস ইকবাল। আলোকচিত্রীরাও অন্যরকম এই 'যুগলবন্দী' ফ্রেমে ধরতে ভুললেন না। শনিবার দুপুরে এমএ আজিজ স্টেডিয়ামে পিসিএলের প্রথম সেমিফাইনাল শেষ হওয়ার ঠিক পরের দৃশ্য এটি। যে ম্যাচ দেখেছে নাফিসের ৫৬ বলে অপরাজিত ৭০ রানের 'ক্যাপ্টেন্স নক'। এবং সেই সঙ্গে দাদা ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে চট্টগ্রাম ব্রাদার্সের ফাইনালে উত্তরণ। এরপর চাচা-ভাতিজার ওই আলিঙ্গল ভিন্ন আবেদন তৈরি না করে পারেই না। বাংলাদেশের ক্রিকেটে অসংখ্য ম্যাচ উইনিং ইনিংস খেলা আকরামের নাম বারবারই ঘুরে ফিরে এসেছে এদিন। এর মধ্যে অবশ্যই এক নাম্বারে থাকবে ১৯৯৭-এর আইসিসি ট্রফিতে হল্যান্ডের বিপক্ষে তার খেলা অপরাজিত ৬৮ রানের 'ক্যাপ্টেন্স নক'টি। যে ইনিংসটির ওপরই আসলে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেট। ওই ম্যাচ না জিতলে এদেশের ক্রিকেট যে আজকের জায়গায় থাকত না। চাচা অবশ্য তার ভাতিজার ইনিংসটির সৌন্দর্য মাত্র দুটো শব্দ দিয়েই বোঝাতে চাইলেন, "কমপ্লিট ইনিংস"। আরেকটি জুনায়েদ সিদ্দিকী ঝড়ে (৫০ বলে ৭৭) ৫ উইকেটে দাদা'র তোলা ১৭০ রান তাড়া করতে নামার পর প্রতিকুলতা জয় করা ইনিংসও। পেসার রুবেল হোসেনের ইয়র্কার তার টো'তে আঘাত হানার পর দৌড়াতে কষ্ট হচ্ছিল বলে রানার নিতে বাধ্য হন। তার হয়ে দৌড়াচ্ছিলেন মেহরাব হোসেন জুনিয়র, তবুও অস্বস্তি কমছিল না। কারণ এরমধ্যে স্পিনে ওই একই জায়গায় আবারো বল লাগায় ব্যথাও অনুভব করছিলেন খুব। দলকে জয়ের তীরে পৌছে দেওয়ার পর আনন্দের দৌড়টাও তাই খোঁড়াতে খোঁড়াতেই দিলেন। অথচ এই পিসিএলে দেড়শোর বেশি রান তুললেই সেটাকে নিরাপদ বলে ধরা হয়। কারণ দেড়শোর বেশি রান করে হারার ঘটনা ঘটেছে একবারই। সেই হিসাবে জুনায়েদের ভাগ্যধন্য ইনিংসে দাদা 'সেফ জোন'-এ চলে গেছে অনুমান করেই গ্যালারিতে অগ্রিম গলা ফাটাচ্ছিল তাদের বিশাল সমর্থকগোষ্ঠী। ৯ ও ৪১ রানে জুনায়েদের দেওয়া ক্যাচ ধরেও ডলার মাহমুদ নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দড়ির বাইরে পড়ে যাওয়ায় উল্টো ছক্কা লেখা হয়েছে ব্যাটসম্যানের নামের পাশে। আর ৩৯ রানেও শাহজাদা ফেলেছেন আরেকটি ক্যাচ। তিন তিনবার জীবন ফিরে পাওয়ার সুযোগ নিয়ে বিস্ফোরক ইনিংস খেলা জুনায়েদের ইনিংসে ছয়টি করে চার ও ছক্কার মার। এর প্রভাবে ব্রাদার্সের প্রায় সব বোলারেরই বোলিং পরিসংখ্যান বেশ খরুচে। এই যেমন জাতীয় দলের বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৪ ওভারে ৩৯, পেসার ডলার মাহমুদ ৩ ওভারে ৩০ এবং অফস্পিনার তুষার ইমরান ৩ ওভারে ২৭! ব্যতিক্রম কেবল ম্যাচেরই সফলতম বোলার এবং পিসিএলের একমাত্র হ্যাটট্টিকম্যান মোহাম্মদইউনুস, ৩ ওভারে মাত্র ১৪ রান খরচায় এই বাঁ হাতি স্পিনারের শিকার প্রতিপক্ষের তিন ব্যাটসম্যান। নিজেদেরই গড়া পিসিএলের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপের রেকর্ড (আগেরদিন পাইরেটস অফ চিটাগাং এর বিপক্ষে ১০৮ রান) ভাঙ্গা জুনায়েদ ও পাকিস্তানি খেলোয়াড় সাঈদ আনোয়ার জুনিয়র (৩৩) এদিন দলের সংগ্রহে জুড়েছেন ১১৬ রান। ইউনুস ৫ বলের মধ্যে এই দু'জনকে শিকার বানানোর পর দাদা'র রানগতিতে কিছুটা ছন্দপতন এসেছিল ঠিক, তবে ১১৬ রানের সূচনাই ১৭০ পর্যন্ত যাওয়া সহজ করে দিয়েছিল। কিন্তু শুরু থেকেই নাকি এই রান তাড়া করে জেতা খুবই সম্ভব মনে হচ্ছিল ম্যাচ সেরা নাফিসের, "এমন নয় যে একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছে এবার আমরা জিততে পারি। শুরু থেকেই ম্যাচে ছিলাম।" ৪১ রানে তিন উইকেট হারানোর পর তো দলকে ফাইনালে তোলার সমুদয় দায়িত্ব নিজের ব্যাটেই নিয়ে ফেলেছিলেন তিনি। প্রথমে চামারা কাপুগেদারা (২৯) ও পরে আব্দুর রাজ্জাককে (১৯) নিয়ে ম্যাচটাকে শ্বাসরুদ্ধকর সমাপ্তির দিকে নিয়ে যান ৭ চারে ৭০ রানের ইনিংস সাজানো নাফিস। এমনকি ১৫ ওভারশেষে হিসাবে দাদা'র (১৫ ওভারে ১২৩/৩) চেয়ে এগিয়েই ছিল ব্রাদার্স (১২৭/৪)। কিন্তু পরের দুই ওভারে মাত্র ৬ ও ৫ রান করে ওঠায় শেষ ৩ ওভারে ৩৩ রানের কঠিন এক সমীকরণ দাঁড়িয়ে গেলেও তা একেবারেই সহজ করে দেন রুবেল হোসেন। এদিন এই পেসার প্রমাণ দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটের মতো ঘরোয়া ক্রিকেটেও চাপের মুখে একদম ভেঙ্গে পড়েন তিনি। গত জানুয়ারিতে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের অন্তিম মুহূর্তে তার করা একটি ওভারই বাংলাদেশকে শিরোপার স্বাদ পেতে দেয়নি। দাদা ওয়ারিয়র্সও ফাইনালে উঠতে পারলো না তার জন্যই। ১৮-তম ওভারের প্রথম তিনটি বলই করলেন ওয়াইড। শেষ বলে নাফিস হাকালেন বাউন্ডারি। সবমিলিয়ে ওই ওভার থেকে ১৭ রান আসায় শেষ ২ ওভারে ১৬ রানের সহজ সমীকরণ মেলানোটা ছিল কেবলই সময়ের ব্যাপার। সেটা মিলিয়ে ফেরার পর সবচেয়ে মানানসই হল চাচা আকরাম খানের সঙ্গে দেখা হওয়াটা। একজন ম্যাচ উইনারকে যে আরেকজন ম্যাচ উইনারের পাশেই বেশি মানায়! সংক্ষিপ্ত স্কোর দাদা ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৭০/৫ (সাঈদ আনোয়ার জুনিয়র ৩৩, জুনায়েদ ৭৭, ফয়সাল ২০, ইমরান ৪, কাসিফ নাভিদ ১৯, আরাফাত সানি অপরাজিত ৩, কামরুল অপরাজিত ৪, অতিরিক্ত ১০, ইউনুস ৩/১৪, ডলার ০/৩০, জিহান মোবারক ০/২৮, তুষার ০/২৭, রাজ্জাক ০/৩৯)। ব্রাদার্স ইউনিয়ন: ১৯.৪ ওভারে ১৭১/৬ (জিহান মোবারক ৮, নাফিস ইকবাল অপরাজিত ৭০, মেহরাব জুনিয়র ৪, তুষার ১০, কাপুগেদারা ২৯, রাজ্জাক ১৯, ডলার ৩, রেজাউল অপরাজিত ১৩, অতিরিক্ত ১৫, রুবেল ০/৫৪, সাঈদ আনোয়ার জুনিয়র ১/১৮, কাসিফ নাভিদ ২/৩০, আরাফাত সানি ১/৩৪, কামরুল ১/৩২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/১৮০৫ ঘ.