চট্টগ্রাম, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় কী পুরস্কার পান জানা আছে নিশ্চয়ই। অন্যতম স্পনসর হিরো হোন্ডার তরফ থেকে 'হাঙ্ক' মোটরসাইকেল। পিসিএল অতো বড় আয়োজন নয়, তবে এই আসরেও পুরস্কার হিসেবে আছে একটি 'হাঙ্ক' মোটরসাইকেল। এটি পাবেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ঝকঝকে এই মোটরসাইকেলটি প্রতিদিন এমএ আজিজ স্টেডিয়ামে প্রদর্শিতও হচ্ছে।
বৃহষ্পতিবার চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে আবাহনীর ডাগআউটের ঠিক পাশেই একটা উঁচু মঞ্চের শোভা বাড়াচ্ছিল মোটরসাইকেলটি। তামিম ইকবাল যেহেতু টুর্নামেন্টের সবচেয়ে দামী ক্রিকেটার এবং প্রথম দুই ম্যাচে রানও করেছেন, তাই অনেকেই ওই মোটরসাইকেলের সম্ভাব্য মালিক হিসেবে জাতীয় দলের এই ওপেনারকেই ধরে নিচ্ছেন। যদিও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় না হলেও ক্ষতিবৃদ্ধি হবে না তার। দল ফাইনালে উঠলেই ম্যাচ প্রতি ৭ লাখ ৭০ হাজার টাকা হিসেবে ৩৮ লাখ ৫০ হাজার টাকা পাবেন তিনি। এরসঙ্গে যোগ হতে পারে আরো লক্ষাধিক টাকা। তামিম নিজেই দিলেন সেই তথ্য, "চট্টগ্রাম আবাহনীর ম্যানেজমেন্ট বলেছে, দলকে চ্যাম্পিয়ন করাতে পারলে আমাকে বাড়তি আরো দুই লাখ টাকা দেবে।"
চ্যাম্পিয়ন হলে বাড়তি এই নগদ পুরস্কার পাবেন তিনি। তবে কোনো কোনো দল নগদের বাইরে অন্য পুরস্কারও চালু করে ফেলেছে। এই যেমন ঢাকা স্পোর্টস ক্লাব। বৃহষ্পতিবার তারা ইস্পাহানীকে হারিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাওয়ার পর ঘোষণা এলো প্রতি ম্যাচের ম্যান অফ দি ম্যাচকে তারা আলাদাভাবে পুরস্কৃত করবে। আর সেই পুরস্কারটি হচ্ছে ঢাকা-ব্যাংকক-ঢাকার বিমান টিকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.
bdnews24