২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিত শর্মার হ্যাটট্রিকে ডেকানের জয়

বোলার হিসাবে তার তেমন কোনো সুখ্যাতি নেই। অথচ সেই রোহিত শর্মাই এবারের আইপিএলের দ্বিতীয় হ্যাটট্রিক করে টানা তিন ম্যাচ হারা ডেকান চার্জার্সকে এনে দিয়েছেন জয়। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৯ রানের যে জয় দিয়ে দিল্লী ডেয়ারডেভিলসের সঙ্গে যৌথভাবে শীর্ষে চলে গেছে ডেকান। দুদলেরই সংগ্রহ ১০ পয়েন্ট, তবে দিল্লী একটা ম্যাচ কম খেলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 09:11 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

সেঞ্চুরিয়ন, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বোলার হিসাবে তার তেমন কোনো সুখ্যাতি নেই। অথচ সেই রোহিত শর্মাই এবারের আইপিএলের দ্বিতীয় হ্যাটট্রিক করে টানা তিন ম্যাচ হারা ডেকান চার্জার্সকে এনে দিয়েছেন জয়। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৯ রানের যে জয় দিয়ে দিল্লী ডেয়ারডেভিলসের সঙ্গে যৌথভাবে শীর্ষে চলে গেছে ডেকান। দুদলেরই সংগ্রহ ১০ পয়েন্ট, তবে দিল্লী একটা ম্যাচ কম খেলেছে। অথচ ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মুম্বাই এক সময় জয়ের পথেই ছিল। দলীয় ৭ রানের মধ্যে দুই ওপেনার টেন্ডুলকার ও জয়াসুরিয়াকে হারালেও ডুমিনি আর পিনাল শাহর (১৯ বলে ২৯) আক্রমণাত্মক ব্যাটিং ৩ উইকেটে ৯৭ রানে পৌঁছে দিয়েছিল তাদের। কিন্তু তারপরই তাদের পতনের শুরু। প্রথমে স্পিনার তিরুমলসেত্তি সুমনকে উড়িয়ে মারতে গিয়ে লংঅফ সীমানায় রায়ান হ্যারিসের হাতে ধরা পড়েন ডোয়াইন ব্রাভো (১৩)। পরের ওভারেই অফস্পিনার রোহিতের ধ্বংসযজ্ঞের সূচনা। ইনিংসের ষোড়শ এবং নিজের প্রথম ওভারের পঞ্চম ও শেষ বলে অভিষেক নায়ার এবং হরভজন সিংকে বোল্ড করে হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে পৌঁছে যান রোহিত। নিজের পরের ওভারের প্রথম বলে ডুমিনিকে (৪৮ বলে ৫২) কটবিহাইন্ডের ফাঁদে ফেলে হ্যাটট্রিকও করে ফেলেন তিনি। রোহিতের সেই ওভারের তৃতীয় বলে সৌরভ তিওয়ারিও স্টাম্পিংয়ের শিকার। ২ ওভার বল করে মাত্র ৬ রানের বিনিময়ে তাই তার উইকেট ৪টি! এর আগে টস জিতে ব্যাট করতে নামা ডেকানের সর্বোচ্চ সংগ্রাহকও রোহিত। তার ৩৮, বেনুগোপালের ২৮ আর গিলক্রিস্টের ২৫ রানের সুবাদে ৬ উইকেটে ১৪৫ রান করেছিল হায়দ্রাবাদের দলটি। বলাই বাহুল্য, ব্যাটিং-বোলিং দু বিভাগেই উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে রোহিতই ম্যাচ-সেরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫০৯ঘ.