২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসিম নাঈমের ঝড়ে ঢাকা স্পোর্টসের সহজ জয়

এটাই পিসিএলের (পোর্ট সিটি লিগ) সবচেয়ে বিধ্বংসী ইনিংস কিনা, তা নিয়ে এমএ আজিজ স্টেডিয়ামের প্রেসবক্সে গবেষণা চললো কিছুক্ষণ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোহামেডানের বিপক্ষে টপ স্পোর্টসের ওপেনার নাজমুস সাদাতের ৫৭ বলে অপরাজিত ৯১ রানের ইনিংসের সঙ্গে তুলনায় অবশ্য ওয়াসিম নাঈমের ইনিংসটাই এগিয়ে থাকলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 01:08 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এটাই পিসিএলের (পোর্ট সিটি লিগ) সবচেয়ে বিধ্বংসী ইনিংস কিনা, তা নিয়ে এমএ আজিজ স্টেডিয়ামের প্রেসবক্সে গবেষণা চললো কিছুক্ষণ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোহামেডানের বিপক্ষে টপ স্পোর্টসের ওপেনার নাজমুস সাদাতের ৫৭ বলে অপরাজিত ৯১ রানের ইনিংসের সঙ্গে তুলনায় অবশ্য ওয়াসিম নাঈমের ইনিংসটাই এগিয়ে থাকলো। বুধবার পাইরেটস অফ চিটাগাং এর বিপক্ষে ঢাকা স্পোর্টস ক্লাবের এই পাকিস্তানি খেলেছেন ৪৩ বলে ৭৯ রানের ঝড়ো এক ইনিংস। যেটিতে ছয়টি করে চার ও ছক্কার মার আছে। এই আসরে এতোগুলো ছক্কা তো আর কেউ মারেননি!চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাসুদ পারভেজ। তার টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের দাবি মেটানো ব্যাটিংয়ে অনায়াস জয়ের দেখাই পেয়েছে ডিএসসি (ঢাকা স্পোর্টস ক্লাব)। ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নামা দলটি ৮ বল বাকি থাকতেই তুলে নিয়েছে ৬ উইকেটের জয়। টানা দ্বিতীয় জয়ে 'বি' গ্র"প থেকে সাবেক ক্রিকেটারদের উদ্যোগে গঠিত এই দলটির সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেছে। 'প্রায়' বলার কারণ এখনো তাদের সমান ৪ পয়েন্ট হওয়ার সুযোগ আছে ইস্পাহানী ও দাদা ওয়ারিয়র্সের। বৃহষ্পতিবার ইস্পাহানী ডিএসসিকে এবং শুক্রবার দাদা পাইরেটস অফ চিটাগাংকে হারালে এই তিন দলেরই পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে চলে আসবে রান রেটের বিবেচনা। ডিএসসি অধিনায়ক রাজিন সালেহ অবশ্য সেমিফাইনাল নিয়ে কোনো অনিশ্চয়তায় আছেন বলে মনেই হল না, "আমাদের রান রেট অনেক ভালো। সেমিফাইনালে আমরা যাচ্ছিই।" সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে এদিন পাইরেটসকে জিততেই হত। তাদের ব্যাটিংয়ে সেই প্রতিজ্ঞার ছাপও ছিল। তাদের পাকিস্তানি ব্যাটসম্যান ওয়াক্কাস আহমেদ উইকেটে আরো কিছুক্ষণ থাকলে সংগ্রহ ২০ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান হয়ে আরো অনেক বেশি হওয়াও বিচিত্র ছিল না। ৪৩ রান করতে খেলেছেন মাত্র ১৪ বল, এর মধ্যে ৪০ রানই এসেছে সাতটি চার ও দুটো ছক্কা থেকে। তাকে আবার থামিয়েছেন বোলার ওয়াসিম নাঈম। ব্যাটিংয়ে ঝড় তোলার আগে ৩৪ রানে ৩ উইকেটও নিয়েছেন তিনি। ওয়াক্কাসের বিদায়ের পর পাইরেটসের ইনিংসকে একাই টেনেছেন নাঈম ইসলাম। ৪৭ বলে পাঁচটি চারে অপরাজিত ৫৭ রানের ইনিংসে ডিএসসিকে চ্যালেঞ্জই ছুঁড়ে দিতে পেরেছিল পাইরেটস। চ্যালেঞ্জটা যেন একাই নিয়েছিলেন ওপেনার ওয়াসিম নাঈম। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হওয়ার সময় দলের রান ১২৯। সেখান থেকে বাকি পথটা ডিএসসি আনিসুর রহমান সঞ্চয় (২৩ বলে ২৯) ও রাশেদ হানিফদের (১৪ বলে ১৫) ব্যাটে অনায়াসেই পাড়ি দিয়েছে। ম্যাচশেষে ওয়াসিমের ব্যাটিংয়েই তাই বুঁদ হয়ে ছিলেন ডিএসসির ক্রিকেটাররা। তাদেরই একজন সঞ্চয় বললেন, "ও একাই যা করে দিয়েছে, এরপর আমাদের আর তেমন কিছুই করার ছিল না।" প্রতিপক্ষের বোলিংকে এলোমেলো করে দেওয়ার আগে বোলিংয়েও তিন উইকেট। ম্যাচ রেফারি জাহিদ রাজ্জাক মাসুমকে বাদ দিয়ে ম্যাচ সেরা বাছার দায়িত্বটা কোনো সাধারণ দর্শককে দিলেও বোধহয় পুরস্কারটা ওয়াসিম নাঈমই পেতেন! সংক্ষিপ্ত স্কোর পাইরেটস অফ চিটাগাং: ২০ ওভারে ১৫৬/৪ (গাজী সালাউদ্দিন ৮, সিরাজুল্লাহ খাদেম ১৪, ওযাক্কাস ৪৩, নোমানউল্লাহ ২০, নাঈম ৫৭*, সোহরাওয়ার্দী ৯*, অতিরিক্ত ৫, ওয়াসিম ৩/৩৪, শাহাদাত ১/৪৭) ঢাকা স্পোর্টস ক্লাব: ১৮.৪ ওভারে ১৬১/৪ (ওয়াসিম ৭৯, নাহিদ ৯, রাজিন সালেহ ১৬, আনিসুর ২৯, রাশেদ ১৫*, জিয়াউর ৭*, অতিরিক্ত ৬, ওয়াক্কাস ১/৩২, নাঈম ১/১৮, নোমানউল্লাহ ২/২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১০ঘ.