২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচেও দামের প্রতিদান দিলেন তামিম

ম্যাচপ্রতি অবিশ্বাস্য মূল্যে বিক্রি হওয়ার প্রতিদান দিয়েই চলেছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে তার ৩৬ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস চট্টগ্রাম আবাহনীকে জয় এনে দিতে না পারলেও এবার আরেকটি ঝড়ো ইনিংস বিফলে যায়নি। পিসিএলে (পোর্ট সিটি লিগ) মঙ্গলবার তামিমের ৩৭ বলে ৪৪ ইনিংসটি টপ স্পোর্টসের বিপক্ষে ৫ উইকেটের জয় এনে দিয়েছে তার দলকে। জাতীয় দলে প্রথম সুযোগ পাওয়া শামসুর রহমান শুভ এদিনও জ্বলে উঠেছেন। তবে এবার তার ৩৪ বলে ৪০ রানের ইনিংস জেতাতে পারেনি ইস্পাহানীকে। দাদা ওয়ারিয়র্সের কাছে তারা হেরে গেছে ৪ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ম্যাচপ্রতি অবিশ্বাস্য মূল্যে বিক্রি হওয়ার প্রতিদান দিয়েই চলেছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে তার ৩৬ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস চট্টগ্রাম আবাহনীকে জয় এনে দিতে না পারলেও এবার আরেকটি ঝড়ো ইনিংস বিফলে যায়নি। পিসিএলে (পোর্ট সিটি লিগ) মঙ্গলবার তামিমের ৩৭ বলে ৪৪ ইনিংসটি টপ স্পোর্টসের বিপক্ষে ৫ উইকেটের জয় এনে দিয়েছে তার দলকে। জাতীয় দলে প্রথম সুযোগ পাওয়া শামসুর রহমান শুভ এদিনও জ্বলে উঠেছেন। তবে এবার তার ৩৪ বলে ৪০ রানের ইনিংস জেতাতে পারেনি ইস্পাহানীকে। দাদা ওয়ারিয়র্সের কাছে তারা হেরে গেছে ৪ রানে। টস জিতে ব্যাটিংয়ে নামা টপ স্পোর্টসকে ১৩ রানেই দুই উইকেট হারানো দল বানিয়ে ফেলেন জাতীয় দলের বাঁ হাতি পেসার সৈয়দ রাসেল। সেখান থেকে নির্ধারিত ২০ ওভারশেষে তাদের ৬ উইকেটে ১৪৪ রানে পৌছে দেওয়ার মূল কারিগর রকিবুল হাসান। জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৫২ রান করতে খেলেছেন ৪৮ বল। তার ইনিংসে ছিল চারটি বাউন্ডারির মার। তৃতীয় এবং চতুর্থ উইকেটে শ্রীলঙ্কার লোকুরাচ্চি (২১ বলে ২৬) ও মাহমুদুল্লাহ রিয়াদকে (২৩ বলে ৩১) নিয়ে দুটো গুরুত্বপূর্ন পার্টনরাশিপও গড়েছেন তিনি। টপ স্পোর্টসের রাসেল ১৭ রানে এবং বাঁ হাতি স্পিনার এনামুল হক জুনিয়র ৩২ রানে নিয়েছেন দুটো করে উইকেট। জবাব দিতে নামা আবাহনীর জয় নিয়ে কোনো প্রশ্নই জাগেনি কারণ উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করছিলেন রবিউল ইসলামও। সুবাদে ১০.৩ ওভারেই ৭৭ রান উঠে যায়। এরপর ছয়টি চারে ৪৪ রান করা তামিম আউট হয়ে গেলেও রবিউল (৪০ বলে পাঁচ চার ও এক ছক্কায়) দলকে একশো পার করে নিয়ে যান। সেখান থেকে চার বল বাকি থাকতে জয়ের তীরে পৌছে যাওয়ায় দুই শ্রীলঙ্কান চামারা সিলভা (১৮ বলে ২৪) ও ফ্র্যাঙ্ক করুনার (১১ বলে ১৮) ইনিংস দুটোও কম গুরুত্বপূর্ণ নয়। ব্রাদার্সের সঙ্গে টাই ম্যাচেও ম্যাচ সেরার স্বীকৃতি পাওয়া তামিমের হাতে একই পুরস্কার উঠেছে এবারো। অন্য ম্যাচটি লো স্কোরিং হলেও সেটিতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বেশ। সাঈদ আনোয়ার জুনিয়র (২৫ বলে ৩৪) ও আরাফাত সানির (১৬ বলে অপরাজিত ২৫) ইনিংস দুটো না হলে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানও হত না দাদা ওয়ারিয়র্সের। অবশ্য তাদের এতো অল্পতে আটকে রাখার পেছনে ইস্পাহানীর শ্রীলঙ্কান স্পিনার জিভান মেন্ডিসের ভূমিকাই সবচেয়ে বেশি। ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। এজন্য ম্যান অফ দি ম্যাচও হয়েছেন তবে তার এই পারফরম্যান্স বিফলেই গেছে। যদিও তার দল ইস্পাহানী সহজ জয় পাবে বলেই মনে হচ্ছিল। শামসুর রহমান শুভ (পাঁচটি চার ও এক ছক্কা) ও ফজলে রাব্বি (২১ বলে ২০) ওপেনিংয়েই ৫৯ রান তুলে ফেলার পর জয়ের সুবাস পাচ্ছিল তারা। কিন্তু ৬ রানের মধ্যে তাদের দু'জনের বিদায়ের পর অধিনায়ক মুশফিকুর রহিমের (২৬ বলে অপরাজিত ৩৩) সফল হয়নি। ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রান তুলতে পারে ইস্পাহানী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.