ঢাকা, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটানোর পুরস্কার পেলেন তারা দু'জন- শামসুর রহমান শুভ এবং মোহাম্মদ মিথুন। প্রথমজন সদ্যসমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগের সেরা ব্যাটসম্যানই শুধু নন, পুরো মৌসুমে সবমিলিয়ে করেছেন ১৪৮৫ রান। অন্যজনও কম যাননি। ৮৮ স্ট্রাইকরেটে ১৪৭৯ রান মিথুনের নামের পাশেও। সুবাদে প্রথমবারের মতো বাংলাদেশ দলে জায়গা পেয়ে গেলেন এই দুই তরুণ। ৫ জুন থেকে ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সোমবার ঘোষিত দলের চমক অবশ্য তারা নন, পেসার শাহাদাত হোসেন রাজীব।
শুভ-মিথুনের অন্তর্ভূক্তির কথা যতোটা জোরেশোরে শোনা যাচ্ছিল, ঠিক ততোটাই শাহাদাতের দলে না থাকার বিষয়টাও। টেস্ট স্কোয়াডের জন্য এই পেসার অপরিহার্য বলে বিবেচিত হয়ে আসলেও ওয়ানডেতে তা বলার উপায় নেই। কারণ ওয়ানডেতে তার ভীষণ খরুচে বোলিং। তার খেলা সর্বশেষ ১২ ওয়ানডের কোনোটাতেই অধিনায়ক এজন্য তাকে দিয়ে ১০ ওভারের বোলিং কোটা পুরো করার সাহস পাননি। ২০০৮ এর এপ্রিলে করাচীতে পাকিস্তানের বিপক্ষে শেষবার ১০ ওভার বল করে ৭৬ রান দিয়েছিলেন। এই অবস্থায় টোয়েন্টি টোয়েন্টির দ্বিতীয় বিশ্বকাপের জন্য তার ওপর আস্থা রাখা কতোটা যৌক্তিক, এই নিয়ে প্রশ্ন উঠলো।
জবাবে প্রধান নির্বাচক রফিকুল আলমের ঢাল হয়ে উঠলো অভিজ্ঞতা, "বোলিং অ্যাটাকে আমরা অভিজ্ঞতা বাড়াতে চেয়েছি।" তাই মাশরাফি বিন মর্তুজা এবং ইনজুরি কাটিয়ে দলে ফেরা সৈয়দ রাসেলের সঙ্গে আছেন শাহাদাতও। দলে চতুর্থ পেসার হিসেবে রুবেল হোসেনের অন্তর্ভূক্তির ব্যাখ্যাটা অবশ্য অনুমিতই ছিল, "এই মুহূর্তে দেশের সবচেয়ে দ্রুতগতির বোলার রুবেল। এই মৌসুমে অনকে প্রতিশ্র"তি জাগিয়েই আন্তর্জাতিক অভিষেক হয়েছে ওর। ও এমন একজন বোলার যে কিনা ব্যাটসম্যানদের চাপে রাখতে পারে এবং ওর শর্ট বলটাও খুব কার্যকর।"
স্লোয়ার এবং শর্ট বলে শাহাদাতও আগের চেয়ে আরো অনেক কার্যকরী হয়ে উঠেছেন দাবি করে রফিকুল বললেন, "শাহাদাত যখন ভালো করছিল না, তখন কিন্তু ঠিকই দলের বাইরে ছিল। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের চাপও এবার ওর দলে আসার একটা কারণ। চাপের মধ্যেও সাফল্যের চাবিকাঠি হচ্ছে অভিজ্ঞতা। তাছাড়া প্র্যাকটিস ম্যাচেও সে ভালো করেছে।" প্রধান নির্বাচক তার শেষ বাক্যটা আরো অনেকের ক্ষেত্রেই ব্যবহার করলেন। আর প্র্যাকটিস ম্যাচ মানে পিসিএলে খেলতে জাতীয় দলের ক্রিকেটাররা চট্টগ্রাম যাওয়ার আগে মিরপুরে নিজেদের মধ্যে দল গড়ে খেলা ম্যাচগুলো। রকিবুল হাসানেরও টোয়েন্টি টোয়েন্টি উপযোগীতা নিয়ে প্রশ্ন আছে অনেক। তারওপর গত বেশ কিছুদিন ধরে ফর্মে নেই এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবুও তার জায়গা না হারানোর কারণ, "রকিবুল দলের নিউক্লিয়াসের অংশ। হয়তো সে গত দুই মাস ধরে ফর্মে নেই। কিন্তু প্র্যাকটিস ম্যাচে তো ভালোই করেছে।"
বোলিং অ্যাকশন শুধরে ও নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আব্দুর রাজ্জাকের সঙ্গে দুই স্পিনিং অলরাউন্ডার নাঈম ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদও আছেন। যদিও বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে না থাকায় রাজ্জাকের জায়গায় সোহরাওয়ার্দী শুভ'র নামও ছিল বিবেচনায়। কিন্ত টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের চাপ মাথায় রেখে তরুণ সোহরাওয়ার্দীকে জ্বলন্ত উনুনে বসিয়ে দেওয়ার কথা শেষপর্যন্ত ভাবেননি নির্বাচকরা। শাহাদাতকে জায়গা দিতে গিয়ে তরুণ মাহবুবুল আলম রবীনের কথাও ভাবেননি কারণ এখন পর্যন্ত মাত্র দুটো ওয়ানডে খেলা এই পেসারও বেশ ব্যয়বহুল ছিলেন ওই ম্যাচগুলোতে। তবে যার কথা ভেবেছিলেন, সেই নাজমুল হোসেন জন্ডিসে না ভুগলে হয়তো শাহাদাতের জায়গাটাই নিতেন।
মাত্রই জন্ডিস থেকে সেরে ওঠা ইমরুল কায়েসই প্রথমে ছিলেন বিবেচনায়। দলের সঙ্গে তার প্র্যাকটিসও করা হয়নি বলে মোহাম্মদ মিথুনকেই যোগ্য বিকল্প মনে হয়েছে নির্বাচকদের। সর্বশেষ প্রিমিয়ার লিগে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের এই ওপেনার কাম উইকেটকিপার সম্পর্কে রফিকুলের মূল্যায়ন, "ইমরুলের অনুপস্থিতিতে আমাদের ওর মতোই একজন মারকুটে ব্যাটসম্যান দরকার হয়ে পড়েছিল। টোয়েন্টি টোয়েন্টিতে মিথুনের ব্যাটিংটা দারুণ কাজে লাগতে পারে।" আর শামসুর রহমান শুভ'র বিষয়ে তো উচ্ছ্বসিত না হওয়ার কোনো কারণই নেই, "অনুর্ধ্ব-১৯, একাডেমী দল ও 'এ' দলের হয়ে ছাড়াও ঘরোয়া ক্রিকেটে অসাধারণ একটা মৌসুম কাটিয়েছে ও।"
অথচ উচ্ছ্বসিত বা আনন্দিত হওয়ার মতো কিছু না করেও শাহাদাত আছেন, তার পুঁজি কেবল অভিজ্ঞতা।
বাংলাদেশ স্কোয়াড: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, শামসুর রহমান শুভ এবং মোহাম্মদ মিথুন।
স্ট্যান্ড বাই: মেহরাব হোসেন জুনিয়র, ইমরুল কায়েস, নাজমুল হোসেন, মাহবুবুল আলম রবীন এবং সোহরাওয়ার্দী শুভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫০ঘ.
bdnews24