ঢাকা, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আপাতত ডাগ আউটে বসে থাকাই হয়ে আছে তাদের আইপিএল নিয়তি। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজার আইপিএলে যাওয়া শাপেবর হবে বলেই ধারণা করা হয়েছিল। কিন্তু ম্যাচের পর ম্যাচ বসে থেকে এখন হরিষে-বিষাদই হয়ে উঠছেন বাংলাদেশ দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক। তাদের ম্যাচ প্র্যাকটিসের অভাব নিয়ে টিম ম্যানেজমেন্টের উদ্বেগ থাকাও অস্বাভাবিক নয়। সোমবার দল ঘোষণার সময় প্রধান নির্বাচক রফিকুল আলম উদ্বেগ গোপন রেখে বললেন, "সমস্যা নেই, ইংল্যান্ডে গিয়ে ওরা অন্তত চারটি প্র্যাকটিস ম্যাচ পাবে।"
কিন্তু সেখানে তো মাত্র দুটো প্র্যাকটিস ম্যাচ পাওয়ার কথা বাংলাদেশের। প্রতিটা বিশ্বকাপের আগে আইসিসি প্রতিটা দলকে কিছু নির্দিষ্টসংখ্যক প্র্যাকটিস ম্যাচ খেলার বন্দোবস্ত করে দেয়। বাংলাদেশের সেরকম 'অফিশিয়াল গেম' দুটো হওয়ার কথা ১ ও ৪ জুন নটিংহ্যামে। প্রথমটার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং পরেরটায় শ্রীলঙ্কা। দুটোর জায়গায় আশরাফুল ও মাশরাফির অন্তত চারটি ম্যাচ পাওয়ার কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরো তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলার নিশ্চয়তা পেয়েছে।
সেগুলো খেলতে আগেভাগেই ইংল্যান্ডে চলে যাচ্ছে দল। ২৩ মে দেশ ছেড়ে যাওয়ার পর ২৬ মে ওয়ার্মসলিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৯ মে খেলবে স্কটল্যান্ডের সঙ্গে। এর আগে ২৮ মে কেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষেও আছে একটি প্র্যাকটিস ম্যাচ। আইপিএল শেষ করে দলের সঙ্গে যোগ দিতে দিতে প্রথম ম্যাচটা মিস করে ফেলতে পারেন ধরে নিয়েই চারটি ম্যাচের কথা বলেছেন প্রধান নির্বাচক।
দেশ ছেড়ে যাওয়ার আগেও বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে ১৩ মে। সেদিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে দুটো টি২০ ম্যাচ খেলার কথা আছে তাদের। ১৫ মে আছে আরেকটি। ১৭, ১৮ এবং ১৯ মে সফরকারী মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষেও তিনটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।
আর ৫ জুন থেকে মাঠে গড়াতে যাওয়া টি২০ বিশ্বকাপের দ্বিতীয় আসরে বাংলাদেশ পড়েছে 'এ' গ্র"পে। প্রথমদিনই অবশ্য মাঠে নামছে না তারা। ৬ জুন ট্রেন্টব্রিজে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ২০ ওভারের ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। একই ভেন্যুতে ৮ জুন আশরাফুলরা খেলবেন আয়ারল্যান্ডের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.
bdnews24