২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইট রাইডার্সের আরেকটি হার

পয়েন্ট তালিকার তলানিতে আগে থেকেই ছিল তারা, রোববার সেই অবস্থানটা আরো পাকাপোক্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে নিজেদের অষ্টম ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পেয়েছে শাহরুখ খান-জন বুকাননের দল। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে শেষ বলে মীমাংসিত হওয়া শ্বাসরুদ্ধকর ম্যাচে তাদের ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে পাঞ্জাবের কিংস ইলেভেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

পোর্ট এলিজাবেথ, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পয়েন্ট তালিকার তলানিতে আগে থেকেই ছিল তারা, রোববার সেই অবস্থানটা আরো পাকাপোক্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে নিজেদের অষ্টম ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পেয়েছে শাহরুখ খান-জন বুকাননের দল। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে শেষ বলে মীমাংসিত হওয়া শ্বাসরুদ্ধকর ম্যাচে তাদের ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে পাঞ্জাবের কিংস ইলেভেন। টস জিতে ব্যাট করতে নেমে কলকাতা তাদের জন্য নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ৩ উইকেটে ১৫৩ রান। উইকেট হাতে থাকার পরও সংগ্রহটা আরো বড় না হওয়ার দায় অনেকখানিই নিতে হবে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। রানখরায় ভুগতে থাকা এই নিউজিল্যান্ডার এই ম্যাচে করেছেন টুর্নামেন্টে নিজের সর্বোচ্চ স্কোর, ১৯ রান। কিন্তু সেই ১৯ রান করতে ৩১ বল খেলে ফেলেছেন তিনি। তাই একাদশ ওভারে তিনি যখন বিদায় নিচ্ছেন, তখন দলের স্কোর মাত্র ৫৪। সেখান থেকে তাদের টেনে তুলেছে তৃতীয় উইকেটে ব্র্যাড হজ আর সৌরভ গাঙ্গুলীর ৩৫ বলে ৫১ রানের জুটি। ১৭ বলে একটি ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে আউট হয়েছেন সৌরভ, তবে হজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭০ রান করে। ৪৩ বলে এই অস্ট্রেলিয়ানের টোয়েন্টি-টোয়েন্টিসূলভ ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারি ও একটি ছক্কায়। জবাব দিতে নেমে প্রথম ওভারেই কুমার সাঙ্গাকারাকে হারালেও সানি সোহাল (২৫), সাইমন ক্যাটিচ (৩৪) ও মাহেলা জয়াবর্ধনেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই বিপদ সামলে উঠেছে যুবরাজ সিংয়ের দল। ৪১ বলে অপরাজিত ৫২ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন জয়াবর্ধনে। এই হারে পয়েন্ট তালিকায় সবার নীচে থাকা নাইট রাইডার্সের পয়েন্ট ৮ ম্যাচে ৩, এক ম্যাচ কম খেলা কিংস ইলেভেনের পয়েন্ট ৮। শীর্ষে থাকা ডেকান চার্জাসের পরই তাদের অবস্থান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৩০ ঘ.