দুবাই, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫০ এমনিতে ওয়ানডের বিচারে এমন কিছু বড় স্কোর নয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলমান অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের কথা আলাদা, রোববার এই সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার তোলা ৪ উইকেটে ২৫০-ই পাঁচ ম্যাচের এই সিরিজের সর্বোচ্চ সংগ্রহ। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেতে হলে পাকিস্তানকে টপকে যেতে হবে সেটা।
প্রথম ম্যাচে হারলেও পরের তিন ম্যাচে টানা জয় পেয়ে মাইকেল ক্লার্কের দল এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে সিরিজ জয়। শেষ ম্যাচে তবু কোনো ঢিলে-ঢালা ভাব ছিল না তাদের ব্যাটিংয়ে। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকা শেন ওয়াটসনের সেঞ্চুরি বিশ্ব চ্যাম্পিয়নদের পথ দেখিয়ে নিয়ে গেছে। ১৪৬ বলে ১১৬ রানের ইনিংসটা দুটি ছক্কা আর ছয়টি বাউন্ডারিতে সাজিয়েছেন ওয়াটসন। পঞ্চম উইকেটে তারসঙ্গে হার না মানা ৮৪ রানের জুটি গড়া ক্যালাম ফার্গুসন করেছেন ৪১ রান। এছাড়া ব্র্যাড হ্যাডিন (৩৬), মাইকেল ক্লার্করাও (২৬) অবদান রেখেছেন অস্ট্রেলিয়ার 'বড়' সংগ্রহে।
পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন শোয়েব আখতার, উমর গুল, সাইদ আজমল ও শোয়েব মালিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৩০ ঘ.
bdnews24