চট্টগ্রাম, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোর্ট সিটি ক্রিকেট লিগের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন তিনি। প্রথম ম্যাচেই তামিম ইকবাল মান রেখেছেন সেই মূল্যায়ণের। কিন্তু ৩৬ বলে তার অপরাজিত ৪১ রানও জয় এনে দিতে পারেনি চট্টগ্রাম আবাহনীকে। রোববার এমএ আজিজ স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে আবাহনীর বৃষ্টি ভেজা ম্যাচটি হয়েছে টাই।
টস জিতে ব্যাট করতে করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান তুলেছিল ব্রাদার্স। জবাব দিতে নেমে আবাহনী ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭ রান তোলার পর তুমুল বৃষ্টি নামায় আর খেলা হয়নি। পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হিসেব করে দেখা যায় ১১ ওভার শেষে দুদলের সংগ্রহ অভিন্ন।
তবে বৃষ্টি নামার আগে টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড় তামিমের ব্যাটে ঝড় দর্শকদের দিয়েছে খানিকটা আনন্দ। ৩৬ বলের ইনিংসে চারটি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কাও মেরেছেন জাতীয় দলের এই বাঁ হাতি ওপেনার। ৪ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে হান্নান সরকারকে (২৩) সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েছেন তিনি।
এর আগে ব্রাদার্সের ইনিংসটাকে পথ দেখিয়েছে চামারা কাপুগেদারার ২২ বলে অপরাজিত ৪০ রান। তিনটি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কা মেরেছেন এই শ্রীলঙ্কান। এছাড়া ওপেনার মেহরাব হোসেন জুনিয়র ও চার নম্বরে নামা তুষার ইমরান দুজনই করেছেন ৩৩ রান করে। আবাহনীর পক্ষে বাঁহাতি পেসার সৈয়দ রাসেল নিয়েছেন ২১ রানে দুই উইকেট।
এর আগে দিনের প্রথম ম্যাচটাও পড়েছিল বৃষ্টির কবলে। ১০ ওভারে সীমিত সেই ম্যাচে ঢাকা স্পোর্টস ক্লাব ৭ উইকেটে হারিয়েছে দাদা ওয়ারিয়র্সকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৫২ ঘ.
bdnews24