২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানকে জেতালেন ইউসুফ পাঠান

ইউসুফ পাঠানের অলরাউন্ড নৈপুণ্যে শীর্ষে থাকা ডেকান চার্জার্সকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে ফিরেছে রাজস্থান রয়্যালস। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের নাটকীয় ম্যাচে শনিবার গতবারের চ্যাম্পিয়নরা জিতেছে ৩ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

পোর্ট এলিজাবেথ, ২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউসুফ পাঠানের অলরাউন্ড নৈপুণ্যে শীর্ষে থাকা ডেকান চার্জার্সকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে ফিরেছে রাজস্থান রয়্যালস। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের নাটকীয় ম্যাচে শনিবার গতবারের চ্যাম্পিয়নরা জিতেছে ৩ উইকেটে। বল হাতে ১৯ রানে এক উইকেট নেওয়ার পর ইউসুফ পাঠান ব্যাট হাতে মাত্র ১৪ বলে ২৪ রানের এক ঝড়ো ইনিংস খেলে শেন ওয়ার্নের দলকে নিয়ে গেছেন জয়ের দোরগোড়ায়। টস জিতে ব্যাট করতে নেমে ডেকান চার্জার্স ২০ ওভারে তুলেছিল ৫ উইকেটে ১৪১ রান। দু বল হাতে রেখে সেই স্কোর টপকে গেছে রাজস্থান রয়্যালস। টার্গেটটা এমনিতে কঠিন ছিল না, কিন্তু প্রথম দুই ওভারে মাত্র ৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে সেটাকে প্রায় অসাধ্য বানিয়ে ফেলেছিল রাজস্থান। চতুর্থ উইকেটে লি কারসেনডাইন (৩৯) আর রবীন্দ্র জাদেজার (১২) ৫৪ রানের জুটিতে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পালা শুরু। এরপর ওয়ার্ন (২১) আর অভিষেক রাউতদের (অপরাজিত ৩৬) চেষ্টায় জমে ওঠে লড়াই। আর পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটা চ্যাম্পিয়নদের দিকে হেলে পড়ে পাঠানের ওই ইনিংসটার কারণেই। দুটি ছক্কা আর দুটি চারে সাজানো তার ইনিংসটা যখন শেষ হয়, রাজস্থানের তখন প্রয়োজন ১২ বলে মাত্র ১১ রান। ২৩ বলের হার না মানা ইনিংস খেলা রাউত বাকি পথটুকু নিরাপদেই পার করিয়েছেন দলকে। এর আগে ডেকান চার্জার্সের ইনিংসটাকে পথ দেখিয়েছিলেন তিরুমলসেত্তি সুমন। হায়দ্রাবাদের এই ডানহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যানের ৩০ বলে অপরাজিত ৪১ আর অ্যাডাম গিলক্রিস্টের ৩৫ বলে ৩৯ রানের দুটি ইনিংসে ভর করে ১৪১ রান তুলেছিল তারা। দলীয় ৫৮ রানে গিলক্রিস্টের বিদায়ের পর ডেকানের ইনিংসকে পথ দেখিয়েছে আসলে চতুর্থ উইকেটে রোহিত শর্মা (৩৮) আর সুমনের ৫৯ রানের জুটি। ৩২ বলের ইনিংসে দুটি ছক্কা আর দুটি বাউন্ডারি মেরেছেন শর্মা, আর সুমনের হার না মানা ইনিংসটা সাজানো ছিল দুটি বাউন্ডারি ও একটি ছক্কায়। রাজস্থানের পক্ষে অস্ট্রেলিয়ান শেন হ্যারউড ২৫ রানে নিয়েছেন দুটি উইকেট। প্রথম চার ম্যাচে টানা জয় পাওয়া ডেকান এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো। তবে ৬ ম্যাচে ৮ পয়েন্ট এখনো তারা পয়েন্ট তালিকার শীর্ষেই আছে। এই জয়ের পর ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে রাজস্থান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮২৫ ঘ.