ঢাকা, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আমন্ত্রণ পাঠানো হয়েছিল দেশের সবগুলো জেলাতেই। তবে সাড়া পাওয়া গেছে ৩৭টি জেলা থেকে। এসব জেলার স্থানীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়েই বুধবার থেকে মাঠে গড়াচ্ছে নতুন এক টুর্নামেন্ট জাতীয় ক্লাব কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই আসরের উদ্বোধনী ম্যাচে খেলবে নোয়াখালীর টপ স্পোর্টস ক্লাব এবং বান্দরবানের শিশুপার্ক একাদশ। ম্যাচটি হবে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে। এটিসহ নকআউট ভিত্তিক প্রথম পর্বের ম্যাচগুলো হবে সাতটি ভেন্যুতে। এগুলো হচ্ছে- পটুয়াখালী স্টেডিয়াম, ঝিনাইদহ স্টেডিয়াম, ময়মনসিংহ স্টেডিয়াম, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, রংপুর ক্রিকেট গার্ডেন এবং ফরিদপুর স্টেডিয়াম।
নতুন এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু বলেছেন, "সারা দেশে ক্লাব ক্রিকেটকে শক্তিশালী করতে এই উদ্যোগ। বিভিন্ন জেলার লিগ চ্যাম্পিয়ন দলগুলো এতে অংশ নিচ্ছে। এই মৌসুমে লিগ হয়নি তবে আগের মৌসুমের চ্যাম্পিয়ন, এমন দলগুলোকেও আমরা অন্তর্ভূক্ত করেছি।"
এই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে ৫০ ওভারের। তবে কোনো কারণে ২০ ওভারও খেলা হতে না পারলে টসের মাধ্যমে খেলার ভাগ্য নির্ধারিত হবে। অংশগ্রহণকারী দলগুলোকে আর্থিক অনুদানও দিচ্ছে বিসিবি। প্রতিটা দল পাবে ২৫ হাজার টাকা করে। প্রথম পর্বের প্রতিটা জয়ের জন্য ৫ হাজার টাকা। কোয়ার্টার ফাইনালে যাওয়া দলগুলো পাবে আরো ২০ হাজার টাকা করে। কোয়ার্টার ফাইনালে জেতার জন্য থাকছে ৮ হাজার টাকা পুরস্কার। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজমানি যথাক্রমে এক লাখ ও ৫০ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24