আবুধাবি, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৮ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই উঠে গেছে ৯৫ রান। তাও আবার মাত্র ২২ ওভারে। ওই অবস্থা থেকে ম্যাচ হারাটা পাকিস্তানের পক্ষেই সম্ভব। সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সেটা সম্ভব করিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ব্যাট হাতে ৬৬ রানের দারুণ এক ইনিংস খেলার পর বল হাতে তিন উইকেট নিয়ে তিনি বিশ্বচ্যাম্পিয়নদের এনে দিয়েছেন রানের জয়।
পাঁচ ম্যাচের সিরিজে এখন তার দল ২-১ ব্যবধানে এগিয়ে।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ১৯৮ রানের মামুলি সংগ্রহ গড়েছিল অস্ট্রেলিয়া। টস জিতে বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে পঞ্চাশ পেরোনো স্কোর কেবল অধিনায়ক মাইকেল ক্লার্কের, ৬৬ রান করতে তিনি খেলেছেন ৯৩ বল। পঞ্চম উইকেটে তার সঙ্গে ৫৪ রানের জুটি গড়া ক্যালাম ফার্গুসন সেই তুলনায় একটু দ্রুত গতিতে ব্যাট করেছেন, ৪১ রান করতে ৬৮ বল লেগেছে তার।
পাকিস্তানের পক্ষে উমর গুল ৩৮ রানে তিনটি আর শহিদ আফ্রিদি ৩২ রানে দুটি উইকেট পেয়েছেন।
জবাব দিতে নেমে সালমান বাট (৪৮) আর আহমেদ শেহজাদ (৪০) উদ্বোধনী জুটিতেই ৯৫ রান তুলে নিয়ে পাকিস্তানকে জয়ের পথ দেখিয়েছিলেন। কিন্তু ক্লার্কের কারণেই এলোমেলো হয়ে গেছে সবকিছু। ন্যাথান হরিজের বলে বাটের ক্যাচ নিয়ে শুরু করেছেন তিনি, তারপর টানা দুবলে মিসবাহ উল হক ও আহমেদ শেহজাদকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানের স্কোরটাকে পরিণত করেছেন চার উইকেটে ১০৭। ১২ রানের মধ্যে চার উইকেট হারানোর সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ইউনিস খানের দল। এরপর একমাত্র শোয়েব মালিকই (৩০) যা একটু লড়াই করেছেন।
৬ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার ক্লার্কই। আরেক স্পিনার হরিজ ১০ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮১৭ ঘ.
bdnews24