কেপটাউন, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবারের ব্যর্থতা ঝেড়ে এবার নতুন করে সবকিছু করতে চেয়েছিলেন শাহরুখ খান। অনেক পরিকল্পনা, অনেক নতুন চিন্তা। কিন্তু তার ফল হলো এই যে গতবারের চেয়েও বড় ব্যর্থতার মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। রোববার মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ম্যাচটা তারা হেরেছে ৯২ রানে, যা ৫ ম্যাচে তাদের তৃতীয় হার। তাদের পয়েন্ট ৩, আর মুম্বাই ইন্ডিয়ানসের পয়েন্ট ৪ ম্যাচে ৫।
টেন্ডুলকার-জয়াসুরিয়াদের ব্যাটে ভর করে ১৮৭ রানের যে বিশাল স্কোর গড়েছিল মুম্বাই তার জবাব দিতে গেইল-সৌরভদের খেলতে হতো সেরকম ঝড়ো ইনিংস। সৌরভ ৩০ বলে ৩৪ রানের একটা ইনিংস খেলে কিছু চেষ্টা করেছেন, কিন্তু গেইল আবারও ব্যর্থ (১২)। ব্যর্থ অধিনায়ক ম্যাককালামসহ অন্যরাও। ফল মাত্র ৯৫ রানেই তারা অলআউট। মালিঙ্গা ও নায়ার ৩ টি করে উইকেট নিয়ে নিশ্চিত করেছেন নাইটরাইডার্সের চূড়ান্ত পতন।
এর আগে যেভাবে শুরু করেছিলেন শচীন টেন্ডুলকার আর সনাৎ জয়াসুরিয়া, তাতে মনে হচ্ছিল এবারের আইপিএলের প্রথম দুশ ছাড়ানো স্কোরটিই অবধারিত। তা হয়নি শেষ পর্যন্ত, কিন্তু এই দুই 'বুড়ো'র ফিফটিতে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রানের বড় স্কোরই গড়েছে মুম্বাই ইন্ডিয়ানস।
টস জিতে ব্যাট করতে নামা মুম্বাইর পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অধিনায়ক টেন্ডুলকার। তবে উদ্বোধনী জুটিতে তার সঙ্গে রান তোলা জয়াসুরিয়া ছিলেন আরো বেশি আক্রমণাত্মক। মাত্র ৩২ বলে চারটি ছক্কাসহ ৫২ রান করেছেন এই বাঁহাতি। চারটি ছক্কা মেরেছেন টেন্ডুলকারও, তার ৪৫ বলের ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারিও।
এই দুজনের বিদায়ের পর অবশ্য খানিকটা ঘুরে দাঁড়িয়েছে ব্রেন্ডন ম্যাককালামের দল। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ১১১ রান তুলে নেওয়া মুম্বাইকে শেষ দশ ওভারে আর মাত্র ৭৬ রান দিয়েছে তারা। ২৫ রানে তিন উইকেট নিয়েছেন লক্ষিরতন শুক্লা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৩৫ ঘ.
bdnews24