দুবাই, ২৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে শহিদ আফ্রিদির দারুণ বোলিং পাকিস্তানকে জয় এনে দিয়েছিল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তার জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার দুই স্পিনার ন্যাথান হরিজ আর অ্যান্ড্রু সাইমন্ডস। তাদের ঘুর্ণিতে পাকিস্তানকে ২০৭ রানে অলআউট করে দিয়ে বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নরা পেয়েছে ৬ উইকেটের সহজ জয়।
বল হাতে ১২ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে সাইমন্ডস অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন এই জয়। তার ক্রিকেটিয় সামর্থ নিয়ে প্রশ্ন ছিল না কখনোই, কিন্তু খেলাটির প্রতি দরদ না থাকায় অস্ট্রেলিয়ান দল থেকে হারিয়েই যেতে বসেছিলেন এই অলরাউন্ডার। এই সিরিজেই ফিরেছেন দলে, আর ফিরেই আরো একবার প্রমাণ করলেন অস্ট্রেলিয়ান দলে তাকে এখনো প্রয়োজন আছে।
টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ইনিংসের শুরুতেই একটা ধাক্কা খেয়েছে ওপেনার আহমেদ শেহজাদের রান আউটে। তার সঙ্গী সালমান বাট (৫৭) আর আফ্রিদির (৪১) সাধ্যমতো চেষ্টার পরও সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। ৪৬.২ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে গেছে তারা। হরিজ নিয়েছেন ৩৯ রানে তিন উইকেট।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়াও শুরুতেই হারিয়েছে ওপেনার ব্র্যাড হ্যাডিনকে (৮), কিন্তু জেমস হোপস (৪৮), শেন ওয়াটসন (৩০), মাইকেল ক্লার্ক (৩৯) আর সাইমন্ডসদের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া সেই ধাক্কা ভালোভাবেই সামলে উঠেছে, আর ২৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে তারা। পাকিস্তানের পক্ষে আফ্রিদি ৩৮ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৩২১ ঘ.
bdnews24