দুবাই, ২৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- শুরুতেই ওপেনার শেহজাদের রান আউটে যে ধাক্কাটা খেয়েছিল পাকিস্তান সেখান থেকে আর বেরোতে পারেনি তারা। ধুকে ধুকে এগিয়েছে আর শেষভাগে শোয়েবের দ্রুতগতির ব্যাটিংয়ে কোনোভাবে দুশো পেরিয়েছে। ৪৬.২ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করেছে ২০৭ রান।
দলীয় ৫ রানেই শেহজাদ (৪) ফিরে যান রান আউট হয়ে। তারপর অধিনায়ক ইউনিস খান সালমান বাটকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু জুটিতে ৫৩ রান যোগ করার পর ইউনিসের (২৮) আউটে ছেদ পড়ে তাতে। সালমানও তার ফিফটিকে (৫৭) খুব বেশিদূর এগিয়ে নিতে পারেননি। মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানদের কেউও পারেননি তেমন কিছু করতে। ব্যতিক্রম শুধু আফ্রিদী। আগের ম্যাচে ৬ উইকেট নিয়ে পাকিস্তানকে শেষ করে দেয়া আফ্রিদী এই দুর্যোগে ব্যাট হাতেও দাঁড়িয়ে যান বাধা হয়ে। ৪০ রান করেছেন তিনি ৪১ বলে, যাতে চার ছিল ৫টি, একটি ছক্কা। কিন্তু বাকিদের এমন ব্যর্থতার দিনে তার ৪০ রানও কোনোভাবেই ক্ষতিপূরণের জন্য যথেষ্ট হতে পারে না। হয়ওনি। গুটিয়ে যেতে পারত তারা দুশোর আগেই। সেটা হতে দেননি শোয়েব। বল হাতে নামার আগে রানটা দুশো পেরোনো উচিত মনে হওয়াতেই কি-না খেললেন ১৪ বলে ২৫ রানের এক দ্রুতগতির ইনিংস।
অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সফলতম নাথান হরিজ। ৩ উইকেট নিয়েছেন তিনি ১০ ওভারে ৪১ রান খরচায়। জেমস হোপস ৪৫ রানে নিয়েছেন ২ উইকেট।
৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে পাকিস্তান সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২১৪৫ঘ.
bdnews24