কেপটাউন, ২৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি মানেই উত্তেজনার বারুদে ঠাসা বিস্ফোরক ক্রিকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের দ্বিতীয় আসরের দশম ম্যাচে এসে দেখা পাওয়া গেল সেই উত্তেজনার চূড়ান্ত রূপটির। ২০ ওভারের ম্যাচে টাই করার সুপার ওভারের নাটকীয়তায় সেই ম্যাচটি জিতে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। পরাজিত দল কলকাতার নাইট রাইডার্স।
টস জিতে নাইট রাইডার্সরা রাজস্থানকে ব্যাট করার আমন্ত্রণ জানালে ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান তুলেছিল শিল্পা শেঠি-শেন ওয়ার্নের দল। জবাব দিতে নেমে শাহরুখ খান-সৌরভ গাঙ্গুলীদের নাইট রাইডার্সও ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ঠিক ১৫০ রানই। তাই মীমাংসার জন্য প্রয়োজন হয় সুপার ওভারের।
তাতে কলকাতা প্রথমে ব্যাট করে তুলতে পারে ১৫ রান। সেই ১৫ রান তাড়া করতে নেমে প্রথম বলেই একটি ছক্কা মেরে শুরু করেন ইউসুফ পাঠান। পরের বলে ক্যাচ তুলে দিয়ে বেঁচে যাওয়ার পর তৃতীয় বলে আবার ছক্কা। আর তারপর চতুর্থ বলে একটি বাউন্ডারি মেরে ইউসুফই শেষ করে দেন ম্যাচ। এর আগে আসল ম্যাচেও ৪২ রানের ঝড়ো ইনিংস খেলা ইউসুফই জিতেছেন ম্যাচ সেরার খেতাব।
এই ম্যাচেও কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা হয়নি বাংলাদেশ সহঅধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
সংক্ষিপ্ত স্কোর
রাজস্থান রয়্যালস : ২০ ওভারে ১৫০/৬ (ইউসুফ ৪২, ম্যাসকারেনহাস ২৭, জাদেজা ২২, রাউত ২১, স্মিথ ১৫; মেন্ডিস ২/১৯, অনুরিত সিং ২/৩৫, শর্মা ২/৩৬)
কলকাতা নাইট রাইডার্স : ২০ ওভারে ১৫০/৮ (সৌরভ ৪৬, গেইল ৪১, যশপাল সিং ২০; কামরান ৩/১৮, ওয়ার্ন ২/২৫)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০৩০ ঘ.
bdnews24