ঢাকা, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মোহাম্মদ আশরাফুল এবং মাশরাফি বিন মর্তুজা এখন আইপিএল খেলতে দক্ষিণ আফ্রিকায়। তাই জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শিবিরে থাকা হচ্ছে না এই দু'জনের। তবে জাতীয় দলের অধিনায়ক ও তার ডেপুটিকে ছাড়াই মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে প্রস্তুতি। প্রস্তুতি শুরুর আগে বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ জনের প্রাথমিক দলটাকে সোমবার নামিয়ে আনা হয়েছে ২১ জনে।
এই দলে আছেন সদ্যসমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগের সেরা ব্যাটসম্যান শামসুর রহমান শুভ'ও। তার সঙ্গী হয়েছেন লিগের অন্যতম সেরা ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন এবং বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ'ও। ৩০ জনের দলে থাকলেও ২১ জনে নেই বহুদিন পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা জাগানো ব্যাটসম্যান হান্নান সরকার ও পেসার তারেক আজিজ খানের। তাদের সঙ্গে আরো যাদের ঠাঁই হয়নি তারা হলেন- ডলার মাহমুদ, সগীর হোসেন, মার্শাল আইয়ুব, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানি এবং রবিউল ইসলামের।
অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাদ পড়া নয়জন স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন। প্রয়োজনে তাদের টোয়েন্টি টোয়েন্টির দলে ডাকাও হতে পারে। আর এই মুহূর্তে জাতীয় দলে না হলেও বাংলাদেশ 'এ' দল, অনুর্ধ্ব-১৯ দল এবং জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমী দলের দরজা তাদের জন্য খোলা আছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি ওই দলগুলোকে তাদের ফিটনেস এবং পারফরম্যান্সের দিকে নজর রাখতেও বলা হয়েছে যাতে ডাক পড়লে টোয়েন্টি টোয়েন্টি খেলার জন্য তাদের মানসিক ও শারীরিক প্রস্তুতি থাকে।
আর ২১ জনে থাকা ক্রিকেটারদের মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের হেড কোচ জেমি সিডন্সের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। টোয়েন্টি টোয়েন্টি বিশ^কাপের জন্য ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষিত হবে মে মাসের প্রথম সপ্তাহে।
প্রস্তুতি শিবিরের জন্য ২১ জনের দল : মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, মেহরাব হোসেন জুনিয়র, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন, মাহবুবুল আলম, রুবেল হোসেন, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, সোহরাওয়ার্দী শুভ এবং মোহাম্মদ মিথুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.
bdnews24