দুবাই, ১৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেটের জন্য বিরাট এক দুঃসংবাদ। আগামী বিশ্বকাপ আয়োজনের অধিকার হারিয়েছে তারা। শুক্রবার দুবাইয়ে নির্বাহী বোর্ডের সভায় পাকিস্তানের 'অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি'র কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানও সহ-আয়োজক ছিল ওয়ানডের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টটির।
গত মাসে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপরে হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। ২০১১ সালের শুরুতে অনুষ্ঠেয় বিশ্বকাপ তারা আয়োজন করতে পারবে কিনা সেটাও হয়ে পড়ে প্রশ্নবিদ্ধ। এমনিতেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশের আপত্তির কারণে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হতে পারেনি। এবার ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপও সরে এলো সেখান থেকে।
শুক্রবার সভাশেষে এ প্রসঙ্গে আইসিসি'র প্রেসিডেন্ট ডেভিড মরগ্যান হতাশার সুরে জানিয়েছেন, "এটা খুবই হতাশাজনক এক সিদ্ধান্ত। তবে আমাদের এক নম্বর অগ্রাধিকার হলো নিশ্চয়তা সৃষ্টি করা। এবং একটি নিরাপদ ও সফল টুর্নামেন্টের জন্ম দেয়া।" পাকিস্তানে যে টুর্নামেন্টটা নিরাপদে হওয়া প্রায় অসম্ভব সেটাও জানিয়ে দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১২২ঘ.
bdnews24