ঢাকা, ১৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ২৪ দিনের সফরে শুক্রবার রাতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দল। ১৭ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই সফরে তারা বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে একটি দুইদিনের, দুটো তিনদিনের এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। এই সফরে দীনেশ চান্দিমালের নেতৃত্বাধীন শ্রীলঙ্কার যুব দলটি ১৫ সদস্যের।
১৯ এপ্রিল বিকেএসপিতে দুইদিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দেশের যুব দলের লড়াই। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে সফরের প্রথম তিনদিনের ম্যাচটি শুরু হবে ২২ এপ্রিল। শেষ তিনদিনের ম্যাচের ভেন্যু খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। এটি শুরু হবে ২৭ এপ্রিল। ২ মে একই ভেন্যুতে প্রথম একদিনের ম্যাচের পর ৪ ও ৫ মে পরের দুটো হবে যশোর জেলা স্টেডিয়ামে। ৭ ও ৯ মে শেষ দুটো একদিনের ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম অথবা ফতুল্লায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.
bdnews24