২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে সিরিজে অনিশ্চিত ব্রেট লি

দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে সিরিজে নাকাল হওয়া অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ। আগামী সপ্তাহে আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতে ব্রেট লিকে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাদের। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতো ফিটনেস এখনো ফিরে পাননি অস্ট্রেলিয়ার গতি-তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

সিডনি, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে সিরিজে নাকাল হওয়া অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ। আগামী সপ্তাহে আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতে ব্রেট লিকে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাদের। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতো ফিটনেস এখনো ফিরে পাননি অস্ট্রেলিয়ার গতি-তারকা। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে 'বক্সিং ডে' টেস্টে সর্বশেষ খেলেছিলেন লি। এরপর গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হয় তাকে। তারপর থেকেই তিনি মাঠের বাইরে। অস্ট্রেলীয়রা আশা করছিল পাকিস্তানের সঙ্গে সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারবেন বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার। কিন্তু রিকি পন্টিংয়ের দলকে সেজন্য আরো কিছু দিন অপেক্ষা করতেই হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ বুধবার জানিয়েছেন, "ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসকরা জাতীয় নির্বাচন প্যানেলকে (এনএসপি) জানিয়েছেন ব্রেট লির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতো যথেষ্ট ফিটনেস নেই। পাকিস্তানের সঙ্গে সিরিজের শুরুটা মিস করা ব্রেটের জন্য খুবই হতাশাজনক ঘটনা। এনএসপি চাচ্ছে অস্ট্রেলিয়া দলে ফেরার জন্য তার প্রতি সতর্ক মনোভাব ধরে রাখতে।" অস্ট্রেলিয়ার ফিজিও অ্যালেক্স কন্টুরিস অবশ্য এই সিরিজের শেষ দিকে লি'র খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি, "এ বছরের জানুয়ারিতে গোড়ালিতে অস্ত্রোপচারের ধকল ভালোমতোই সামলে উঠেছিল ব্রেট। যদিও সে এখন পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে। এবং পর্যাপ্ত বল করে ক্রিকেট শুরু করার মতো যথেষ্ট ফিটনেসও ফিরে পায়নি। তবে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ভিবি সিরিজের কোনো ম্যাচ ব্রেট খেলতে পারে কিনা তা বোঝার জন্য তার (ফিটনেসের) অগ্রগতি ভালোভাবে পর্যবেক্ষণ করবো আমি।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩০ঘ.