২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ দক্ষিণ আফ্রিকার

অনেক দিন পর জ্বলে উঠলো হার্শেল গিবসের ব্যাট। ভালো ফর্মে থাকা এবি ডি ভিলিয়ার্সও খেললেন দারুণ এক ইনিংস। তার সঙ্গে ডেল স্টেইন আর নবাগত রোলফ ফন ডার মারউইর দারুণ বোলিং সহজ জয় এনে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সোমবার চতুর্থ ওয়ানডেতে গিবসের সেঞ্চুরি আর ডি ভিলিয়ার্সের দ্রুতগতির ফিফটির সুবাদে ৬ উইকেটে ৩১৭ রান করা প্রোটিয়ারা ৬১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। সেই সঙ্গে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও ধরে রেখেছে গ্রায়েম স্মিথের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

পোর্ট এলিজাবেথ, ১৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনেক দিন পর জ্বলে উঠলো হার্শেল গিবসের ব্যাট। ভালো ফর্মে থাকা এবি ডি ভিলিয়ার্সও খেললেন দারুণ এক ইনিংস। তার সঙ্গে ডেল স্টেইন আর নবাগত রোলফ ফন ডার মারউইর দারুণ বোলিং সহজ জয় এনে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সোমবার চতুর্থ ওয়ানডেতে গিবসের সেঞ্চুরি আর ডি ভিলিয়ার্সের দ্রুতগতির ফিফটির সুবাদে ৬ উইকেটে ৩১৭ রান করা প্রোটিয়ারা ৬১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। সেই সঙ্গে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও ধরে রেখেছে গ্রায়েম স্মিথের দল। টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকদের বড় সংগ্রহের প্রধান রূপকার ঐ দুজন --- গিবস আর ডি ভিলিয়ার্স। তৃতীয় উইকেটে দুজনের ১৩৬ রানের জুটিই দক্ষিণ আফ্রিকার তিন শতাধিক রানের ভিত গড়ে দিয়েছে। ২১তম সেঞ্চুরি পাওয়া গিবস ১১৬ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় করেছেন ১১০ রান। সেঞ্চুরি না পেলেও তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে এসেছে ৭৪ বলে ৩টি ছক্কা ও ৬টি বাউন্ডারিসহ ৮৪ রান। শেষ দিকে জেপি ডুমিনি (২৫ বলে ৪০) ও মার্ক বাউচারও (২৫ বলে অপরাজিত ২৯) ঝোড়ো ব্যাটিং করে ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করেছেন দলকে। জবাব দিতে নামা অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দিয়েছেন ব্র্যাড হ্যাডিন ও মাইকেল ক্লার্ক। এই দুজনের জন্যই ১২৯ রানের উদ্বোধনী জুটি পাওয়া অস্ট্রেলিয়া সিরিজে ফেরার স্বপ্ন দেখতে পারছিল। কিন্তু ৬১ বলে ৭৮ রান করা হ্যাডিন ফিরে আসার পর থেকে তাদের রানের গতি শ্লথ হয়ে যেতে থাকে। ক্লার্ক (৫০) ও অধিনায়ক রিকি পন্টিং (৫৩) ফিফটি করলেও লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়া আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে বাকি ব্যাটসম্যানরা আর পেরে ওঠেননি। জেমস হোপস ৩১ রান করলেও তাই অস্ট্রেলিয়া ৪৫.৫ ওভারে ২৫৬ রানেই অলআউট হয়ে গেছে। ৪৪ রানে স্টেইন নিয়েছেন ৪ উইকেট, আর ৩ উইকেট নিতে ৪৬ রান খরচ করতে হয়েছে বাঁহাতি স্পিনার মারউইকে। তবে সেঞ্চুরির জন্য গিবস ম্যান অব দ্য ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ৩১৭/৬ (গিবস ১১০, ডি ভিলিয়ার্স ৮৪, ডুমিনি ৪০, বাউচার ২৯*; হারউড ২/৫৭, জনসন ২/৫৯) অস্ট্রেলিয়া : ৪৫.৫ ওভারে ২৫৬ (হ্যাডিন ৭৮, পন্টিং ৫৩, ক্লার্ক ৫০, হোপস ৩১; স্টেইন ৪/৪৪, মারউই ৩/৪৬) ফল : দক্ষিণ আফ্রিকা ৬১ রানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : হার্শেল গিবস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২১০ঘ.