ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- অন্যরা যখন ম্যাচ খেলতে ব্যস্ত তখন তারা চারজন দর্শক ! চোখে-মুখে হতাশা ফুটিয়ে চেয়ে আছেন সতীর্থদের দিকে। হয়তো-বা ভাবছেন নিজেদের দূর্ভাগ্যের কথা, এএফসি চ্যালেঞ্জ কাপে নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা। ইনজুরিতে পড়ে এই দুর্ভাগ্যকে নতুন করে সঙ্গী করেছেন জাহিদ হোসেন ও মামুনুল ইসলাম। সেরে ওঠা এমিলিও আবার ব্যথা অনুভব করছেন। রবিন তো এখনো সেরে ওঠেননি।
সোমবার বিকেলে প্র্যাকটিসে দেখা গেল এই চারজন মনমরা হয়ে বসে। আসলে ইনজুরিই তাদের পাঠিয়ে দিয়েছে মাঠের বাইরে। ফিজিও দলিলুর রহমান জানিয়েছেন, "গত বুধবার থেকে জাহিদ ডান পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করছেন। দৌড়াতে গেলে তার সমস্যা হচ্ছে। আর মামুনের ডান হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে।" হ্যামস্ট্রিং ইনজুরি সেরে ওঠা জাহিদ হাসান এমিলি রোববার পুরোদমে প্র্যাকটিস করার পর রাতে আবার ব্যথা অনুভব করতে শুরু করেন। মানে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন শিবির এখন ইনজুরিতে জর্জরিত। অথচ আগামী বৃহস্পতিবার এই দলের প্র্যাকটিস ম্যাচ খেলতে নেপাল যাওয়ার কথা। ১৮ এপ্রিল সেখানে নেপাল পুলিশ দলের সঙ্গে তারা খেলবে প্রথম প্র্যাকটিস ম্যাচ।
কিন্তু কোচ ডিডোর দুশ্চিন্তা এই ভাঙ্গাচোরা দল নিয়ে। দুই নিয়মিত স্ট্রাইকার ও দুই মিডফিল্ডার নিয়ে শংকা তৈরি হলে দলের আত্মবিশ্বাসেও বড় ধাক্কা লাগে বৈকি। ফিজিও দলিলুর রহমান অবশ্য মামুনের ব্যাপারে আশ্বস্ত করছেন, "মামুন খুব দ্রুত ইনজুরি সেরে উঠছে, সোমবারের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে আশাকরি। তবে জাহিদের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তার গোড়ালির এক্স-রে করে দেখতে হবে বড় কোনো সমস্যা হয়েছে কিনা।" সেরকম কিছু হলে দেশের এই প্রতিভাবান মিডফিল্ডারের এএফসি চ্যালেঞ্জ কাপ অনিশ্চিত হয়ে পড়বে।
সুখবর হচ্ছে, জাহিদ হাসান এমিলির ব্যাপারে ফিজিও ভয় পাচ্ছেন না। হঠাৎ করে বেশি চাপ নেওয়ায় এই স্ট্রাইকারের একটু সমস্যা হয়েছে বলে মনে করছেন তিনি। অবশ্য দুদিন আগে তিনি অন্য স্ট্রাইকার রবিনকে পঁচানব্বই শতাংশ সুস্থ দাবি করলেও বাকি পাঁচ শতাংশের অনিশ্চয়তা কাটেনি সোমবারও।
আসলে খেলোয়াড়দের ইনজুরি বড় এক প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতির পাশে। এএফসি চ্যালেঞ্জ কাপ যতো এগিয়ে আসছে ততই বাড়ছে ইনজুরি সমস্যা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০৫ঘ.
bdnews24