চেন্নাই, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা তিনটি টেস্ট সিরিজ জিতলেও এখনো র্যাংকিংয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার নিচেই ভারতের অবস্থান। তবে আইসিসি টেস্ট র্যাংকিং যা-ই বলুক, হরভজন সিংয়ের দৃঢ় বিশ্বাস ভারতের বর্তমান দলটার বিশ্বের যে কোনো দলকে যে কোনো জায়গায় হারানোর ক্ষমতা আছে।
৪১ বছর পর নিউজিল্যান্ড থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফেরা 'টিম ইন্ডিয়া'য় এখন খুশির আমেজ। আনন্দে ভাসতে,ভাসতেই তারা মুখোমুখি হচ্ছেন মিডিয়ার। বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় হরভজনের কণ্ঠেও ফুটে উঠলো উচ্ছ্বাস, "এই দলটা যে কোনো জায়গায় জিততে সক্ষম। নিজেদের ক্ষমতানুযায়ী খেলা, মৌলিক বিষয়গুলোর প্রতি নিবদ্ধ থাকা এবং কাজে পূর্ণ মনযোগ দিতে পারলে আমাদের দলটা যে কোনো জায়গায় যে কোনো দলকে হারাতে পারে।"
একটা সময়ে ভারত দেশের বাইরে তেমন সাফল্য পেতো না। তবে বেশ কয়েক বছর ধরেই তারা বিদেশের মাটিতে জয় পাচ্ছে। এমনকি যে নিউজিল্যান্ডের মাটি তাদের জন্য অজেয় হয়ে উঠেছিল সেখানেও টেস্ট সিরিজ জিতেছে। কিউইদের বিপক্ষে তিন টেস্টের সিরিজে ২১.৩৭ গড়ে সবচেয়ে বেশি ১৬টি উইকেট নেয়া হরভজন সেজন্য কৃতিত্ব দিচ্ছেন দলের প্রত্যেক সদস্যের দুর্দান্ত আত্মবিশ্বাসকে, "ছেলেরা এখন দারুণ আত্মবিশ্বাসী। তারা আত্মবিশ্বাসী যে কোনো কন্ডিশনে ভালো পারফর্ম করার ব্যাপারে। আমি মনে করি এই দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াসহ যে কোনো জায়গায় জিততে পারে। যে কোনো কন্ডিশন থেকে সুবিধা আদায়ের ক্ষমতা আছে আমাদের।"
অনেকের মতেই মহেন্দ্র ধোনির দলের সাফল্যের অন্যতম কারণ দুই নতুন বলের বোলার জহির খান ও ইশান্ত শর্মার দুর্দান্ত পারফরম্যান্স। ক্রিকেট-দুনিয়ায় 'ভাজ্জি' নামে পরিচিত হরভজনও তাদের সঙ্গে একমত, "জহির দারুণ বল করে শুরুতেই ভারতকে ব্রেক থ্রু এনে দিচ্ছে। ইশান্ত এখনো নবীন, এবং তার আরো মনযোগ পাওয়া দরকার। সে খুবই প্রতিভাবান বোলার।"
নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের পর ভারতে একটা বিতর্কও শুরু হয়ে গেছে। বিতর্কটা ভারতের বর্তমান দলটা তাদের সর্বকালের সেরা কিনা সেই বিষয়ে। ২৮ বছর বয়সী অফস্পিনার অবশ্য সেই পথে হাঁটেননি। তবে এই দলের ব্যাটসম্যানদের প্রশংসা করে হরভজন বলেছেন, "আমি বিভিন্ন যুগের মধ্যে তুলনা করতে চাই না। তবে (বীরেন্দর) শেবাগ, গৌতম (গম্ভীর), (রাহুল) দ্রাবিড় আর শচীন টেন্ডুলকার, (ভাঙ্গিপুরাপ্পু) লক্ষ্মণ, যুবরাজকে নিয়ে গড়া ব্যাটিং লাইনআপকে আমি অন্যতম সেরা বলবোই। এটা আসলে দারুণ রোমাঞ্চকর এক দল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬২৮ঘ.
bdnews24