মিয়ামি, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জ্যাক ক্যালিস ও এবি ডিভিলিয়ার্সের দুটি হাফসেঞ্চুরি আর শেষ দিকে উইকেট কিপার মার্ক বাউচারের ছোট্ট এক ঝড়ো ইনিংসে ভর করে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২৯০ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে বৃহস্পতিবারের এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান তুলেছে স্বাগতিকরা। ৫০ রানে দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে ক্যালিস ও ডিভিলিয়ার্সের ১১৪ রানের জুটিই গড়ে দিয়েছে প্রোটিয়াদের ইনিংসের ভিত্তি। ৮৬ বলে ৭০ রান করেছেন ক্যালিস আর তারচেয়ে একবল বেশি খেলে ডিভিলিয়ার্সের সংগ্রহ ৮০। এছাড়া শেষ দিকে অ্যালবি মরকেল (২৯) আর বাউচারও অবদান রেখেছেন বড় স্কোর গড়ায়। মাত্র ১৫ বলে অপরাজিত ২৮ রান করার পথে দুটি ছক্কা মেরেছেন বাউচার।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল জনসন ৩৪ রানে চার উইকেট নিয়েছেন কিন্তু অন্যরা কেউ তেমন সুবিধা করতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৪০ ঘ.
bdnews24