২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইট রাইডার্সের অভিষেকে উইকেট পেলেন মাশরাফি

কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয়েছে মাশরাফি বিন মর্তুজার। বুধবার ব্লুমফন্টেইনে শাহরুখ খানের দলের হয়ে প্রথম খেলতে নামা বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তার ৪ ওভারে ৩৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। প্রথম দুটো প্রস্তুতি ম্যাচে হারলেও এবার ফ্রি স্টেটের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেটের সহজ জয়ই পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয়েছে মাশরাফি বিন মর্তুজার। বুধবার ব্লুমফন্টেইনে শাহরুখ খানের দলের হয়ে প্রথম খেলতে নামা বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তার ৪ ওভারে ৩৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। প্রথম দুটো প্রস্তুতি ম্যাচে হারলেও এবার ফ্রি স্টেটের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেটের সহজ জয়ই পেয়েছে। এই ম্যাচে নিজের প্রথম এবং শেষ ওভারে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা মাশরাফির ওপর বেশ চড়াও হয়েছিলেন। তবে মাঝে দ্বিতীয় ও তৃতীয় ওভারে রান খরচটা কম হওয়ায় টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের বিবেচনায় তার বোলিং ফিগারটা খুব খারাপ হয়নি। এই ম্যাচে দুটো করে উইকেট নেওয়া অজিত আগারকার ও শার্ল ল্যাঙ্গেভেল্টের কারণে ফ্রি স্টেটকে ১৫২ রানেই বেঁধে রাখতে সক্ষম হয় কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান কোচ জন বুকাননের চার অধিনায়ক তত্ত্বকে ভুল প্রমাণের জন্য এই ম্যাচটাকেই বেছে নেন সৌরভ গাঙ্গুলী। এদিন অধিনায়কত্ব করা সৌরভের অপরাজিত ৬১ রানের এক ঝড়ো ইনিংসে ৫ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় কলকাতার দলটি। তবে তাদের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন তিন নাম্বারে ব্যাট করা চেতেশ্বর পুজারা। ৬৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। প্রসঙ্গত ১৮ এপ্রিল কেপটাউনে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ডিএলএফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় আসর। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ অবশ্য পরদিন। একই ভেন্যুতে প্রতিপক্ষ ডেকান চার্জার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.